কলকাতা

রবিবার আর ১৬ ঘণ্টা বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু! নতুন বিজ্ঞপ্তি ট্রাফিক পুলিশের

সংশ্লিষ্ট সব পক্ষকে ইতিমধ্যেই নতুন নোটিস পাঠানো হয়েছে

Truth of Bengal: কলকাতা ও হাওড়ার অন্যতম প্রধান সংযোগকারী বিদ্যাসাগর সেতু দিনভর বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে শেষমেশ সরে এল ট্রাফিক পুলিশ। আগামী রবিবার ১৬ ঘণ্টা সেতু বন্ধ রাখার যে পরিকল্পনা করা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে ওইদিন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সারাদিনই স্বাভাবিক নিয়ম মেনে যান চলাচল করবে। শুক্রবার রাতে কলকাতা ট্রাফিক পুলিশের ডিসিপির পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানানো হয়েছে। এই বিষয়ে যাতে কোথাও কোনো বিভ্রান্তি বা সমন্বয়ের অভাব না ঘটে, তার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ইতিমধ্যেই নতুন নোটিস পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার সকালে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দার সই করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, আগামী ১৭ মে, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত সেতুর কেবল বা তার পরিবর্তনের কাজ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্যই এই ১৬ ঘণ্টার ব্লক নেওয়ার কথা বলা হয়েছিল। সেই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার্থে খিদিরপুর, কেপি রোড বা হেস্টিংস ক্রসিং হয়ে আসা গাড়িগুলির জন্য বিকল্প রুটও নির্দিষ্ট করে দিয়েছিল ট্রাফিক পুলিশ। গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড বা হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

তবে শুক্রবার রাতেই সেই সিদ্ধান্ত বাতিল করে ট্রাফিক পুলিশের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়। নতুন নোটিসে স্পষ্ট করা হয়েছে যে, রবিবারের এই ১৬ ঘণ্টার ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতু দিয়ে গাড়ি চলাচলে কোনো বাধা থাকবে না। রক্ষণাবেক্ষণের যে কাজের জন্য সেতু বন্ধ করার কথা ভাবা হয়েছিল, রবিবার সেই কাজও স্থগিত রাখা হচ্ছে। বিদ্যাসাগর সেতুর দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা এইচআরবিসি কর্তৃপক্ষকেও পুলিশের এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রবিবার এই রুট দিয়ে যাতায়াতকারী সাধারণ নিত্যযাত্রীদের আর কোনো সমস্যায় পড়তে হবে না।

Related Articles