তৃণমূলের নয়া প্রতীক কি ক্রিকেট ব্যাট? সামনে এল আরও এক বিকল্প
দলের কর্মীদের আবেগ এবং নেত্রীর ভাবমূর্তি বজায় রাখতে নতুন তিনটি নামেই যুক্ত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
Truth of Bengal: নির্বাচন কমিশন কর্তৃক ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক এবং ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামটি ফ্রিজ করার পর নতুন নাম ও প্রতীক বাছতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে পাঠানো ইমেলে কালীঘাট শিবিরের পক্ষ থেকে তিনটি নতুন নাম এবং দুটি সম্ভাব্য চিহ্নের তালিকা জমা দেওয়া হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জনপ্রিয় ‘খেলা হবে’ স্লোগানের সঙ্গে সঙ্গতি রেখে প্রতীক হিসেবে ‘ফুটবলার’ এবং ‘ক্রিকট ব্যাট’কে বেছে নেওয়া হয়েছে।
দলের কর্মীদের আবেগ এবং নেত্রীর ভাবমূর্তি বজায় রাখতে নতুন তিনটি নামেই যুক্ত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রস্তাবিত তিনটি নাম হলো—‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং ‘তৃণমূল কংগ্রেস মমতা’। কালীঘাট শিবিরের নেতাদের মতে, নেত্রীই দলের মূল মুখ এবং কর্মীরা তাঁরই সৈনিক, তাই দলের নামে তাঁর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিজ্ঞা ভেঙে সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে ঋতব্রত শিবিরও নিজেদের আলাদা সত্তা প্রমাণের জন্য দলের নতুন নাম ও প্রতীকের তালিকা কমিশনে জমা দিয়েছে। তাদের প্রস্তাবিত তিনটি নাম হলো—‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, ‘জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’ এবং ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’। প্রতীক হিসেবে তারা ‘খাম’, ‘ব্ল্যাকবোর্ড’ এবং ‘টর্চ’ বরাদ্দ করার দাবি জানিয়েছে।
দুই শিবিরের এই টানাপোড়েনের পর এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। কমিশন কার প্রস্তাবিত নাম এবং কোন্ প্রতীক অনুমোদন করে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।






