দেশ

পুরীর জগন্নাথ ধামের বিখ্যাত খাজাতেও বিষ? খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে চাঞ্চল্য!

পুরীর মন্দির সংলগ্ন এলাকা ও স্বর্গদ্বার সৈকতের একাধিক দোকানে আচমকা অভিযান চালাল ওড়িশা সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ

Truth of Bengal: পুরী মানেই জগন্নাথদেব, আর জগন্নাথধামের অন্যতম জনপ্রিয় মহাপ্রসাদ খাজা। মন্দির চত্বর থেকে স্বর্গদ্বার—সারি সারি দোকানে বিক্রি হওয়া এই মিষ্টি পর্যটকদের কাছে পুরীর স্মৃতি নিয়ে ফেরার অন্যতম উপহার। কিন্তু সেই খাজার গুণমান নিয়েই এবার উঠল বড় প্রশ্ন। পুরীর মন্দির সংলগ্ন এলাকা ও স্বর্গদ্বার সৈকতের একাধিক দোকানে আচমকা অভিযান চালাল ওড়িশা সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ। অভিযানে নিম্নমানের উপকরণ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাজার মান নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। প্রায় ৪ কুইন্টাল খাজা নষ্ট করে দেন আধিকারিকরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ভক্ত ও পর্যটকদের কাছ থেকে খাজার গুণমান নিয়ে অভিযোগ আসছিল। কোথাও চড়া দামে নিম্নমানের খাজা বিক্রি, আবার কোথাও নকল বা পুরনো খাজা বিক্রির অভিযোগও ওঠে। সেই সব অভিযোগ যাচাই করতেই ‘সারপ্রাইজ’ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের পাশাপাশি সিটি ডিএসপির নেতৃত্বে পুলিশের একটি দলও ছিল। মূলত শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং সংলগ্ন এলাকাগুলির একাধিক দোকানে তল্লাশি চালানো হয়।

পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ভক্তদের কাছ থেকে বেশি দাম নিয়ে নিম্নমানের ও নকল খাজা বিক্রির অভিযোগ বারবার সামনে আসছিল। সেই কারণেই পুলিশ ও প্রশাসনের তরফে যৌথ অভিযান শুরু হয়েছে। তদন্তকারীরা খাজার গুণমান, তৈরির পরিবেশ এবং ব্যবহৃত উপকরণও খতিয়ে দেখছেন। প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, পর্যটকদের স্বাস্থ্য নিয়ে কোনও আপস করা হবে না। পুরীর অন্যতম পরিচিত খাদ্যপণ্য খাজার মান বজায় রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।