কলকাতা

চেয়ারপার্সন অরূপ রায়, ভাইস চেয়ারম্যান ববি-অরূপ! ‘ঋতব্রত-তৃণমূলের’ নতুন কমিটিতে মমতা কোথায়?

মতা-অভিষেকের ছবি গায়েব! বঙ্গে এবার কি পুরোপুরি মুছে যাচ্ছে কালীঘাটের দাপট?

Truth of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসকে এবার যেন চারদিক থেকে গ্রাস করতে শুরু করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোং! বিধায়কদের পর এবার কাউন্সিলরদেরও দলে টেনে পরিষদীয় কায়দায় ঘাসফুল শিবিরের রাশ নিজেদের হাতে নিচ্ছে ‘আসল’ তৃণমূল। সোমবার বিকেলে নিউটাউনের এক নামী পাঁচতারা হোটেলে ঋতব্রতের নেতৃত্বে আয়োজিত হল এক অতি গোপনীয় ও বিশেষ অধিবেশন। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররা সেখানে উপস্থিত হতেই এক নজিরবিহীন ও চরম রাজনৈতিক বোমা ফাটানো হল। মমতার সাধের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দল থেকে সাসপেন্ড করল ঋতব্রতপন্থী তৃণমূল! একই সঙ্গে ঘোষণা করা হল দলের এক সম্পূর্ণ নতুন মেগা কমিটিও।

কালীঘাটকে টেক্কা, এবার ৫ তারা হোটেলে ক্ষমতা বদল!

এই বিশেষ অধিবেশন থেকে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক সিদ্ধান্ত। দলীয় সূত্রের খবর, হাওড়া মধ্য কেন্দ্রের দাপুটে বিধায়ক অরূপ রায়কে ‘আসল’ তৃণমূলের নতুন চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যানের হাইপ্রোফাইল পদে বসানো হয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রথীন ঘোষকে। ৩০ জন হেভিওয়েট নেতাকে নিয়ে গঠিত এই নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন এবং খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মেগা রদবদলের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান কোথায়? যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বরাবরের মতোই ড্যামেজ কন্ট্রোল করে দাবি করেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক, তিনি দলের পরামর্শদাতা হিসেবেই থাকুন।”

ব্যানার থেকে উধাও মমতা-অভিষেক, হাজির কাজল শেখরা

নিউটাউনের সেই পাঁচতারা হোটেলের বিশেষ অধিবেশনের মূল ব্যানারটি দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে জোড়াফুলের ভেতরের হাওয়া কতটা বদলে গিয়েছে। চিরপরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে সম্পূর্ণ ব্রাত্য! ঘাসফুলের প্রতীক চিহ্নের পাশে জ্বলজ্বল করছে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ড. বি আর আম্বেদকরের ছবি।

ধস নামল পুরসভাতেও!

এদিনের এই মেগা অধিবেশনে কেবল কাউন্সিলররাই নন, যোগ দিয়েছেন রাজ্যের তিন প্রধান জেলার হেভিওয়েট জনপ্রতিনিধিরাও। হাইভোল্টেজ এই বৈঠকে হাজির ছিলেন বীরভূমের কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা এবং আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতারা। রাজনৈতিক মহলের মতে, মুর্শিদাবাদ, বহরমপুর, দমদম, উত্তরপাড়া-সহ একাধিক পুরসভার বোর্ড সম্প্রতি ভেঙে যাওয়ায় সেখানকার কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলররা দলে দলে এসে যোগ দিয়েছেন ঋতব্রতের এই ‘আসল’ তৃণমূলে। সব মিলিয়ে, ২০২৬ সালের এই উত্তপ্ত রাজনৈতিক আবহে কালীঘাটের কর্তৃত্বকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বঙ্গে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করে ফেলল বিদ্রোহী শিবির।

Related Articles