কলকাতা

ভয়াবহ অগ্নিকান্ড শিয়ালদহের ইএসআই হাসপাতালে, মৃত এক

Terrible fire at ESI Hospital in Sealdah, 10 fire engines at the spot

Truth Of Bengal: ভয়াবহ অগ্নিকান্ড শিয়ালদহের ইএসআই হাসপাতালে। শুক্রবার ভোর ৫টা নাগাদ কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায় হাসপাতালের দোতলা থেকে। এরপর খবর  পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। চেষ্টা চালানোর পর ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৮০ জন রোগী।

এদিন ভোরে যখন আগুন লাগে তখন অনেকেই ঘুমিয়ে ছিল। এর পর তড়িঘড়ি রোগীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার জেরে তিন তলা থেকে রোগীদের নামিয়ে আনা হয়। জানা গিয়েছে, আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ড। এই হাসপাতাল থেক একাধিক রোগীকে স্থানান্তরিত করে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এ ঘটনায় এখনও কোন হতাহতের খবর মেলেনি। কিন্তু কালো ধোঁয়ার জন্য এক রোগীর শ্বাসকষ্ট শুরু হয়, জানা গিয়েছে সেই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। দমকলমন্ত্রী বলেন, “পুজোর কারণে অনেক রোগীই ছুটি পেয়ে বাড়ি ফিরেছিলেন। বড় ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি এড়ানো গিয়েছে। দমকলকর্মীরা সাহসের সঙ্গে কাজ করেছেন।”

এদিকে হতাহতের খবর না থাকলেও হাসপাতালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কী কারণে এ অগ্নিকান্ড তা এখনও স্পষ্ট হয়নি। কী কারণে আগুন লেগেছে তার সাম্ভাব্য কারণ খতিয়ে দেখবে দমকল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে। এই ঘোষণার আগে থেকেই বহির্বিভাগে চিকিৎসা নিতে অনেক রোগী হাসপাতালে পৌঁছেছিলেন, তাই তাদের ফিরে যেতে হয়। তবে দমকল আশ্বাস দিয়েছে যে আর কোন ভয়ের কারণ নেই।

আপডেট, কালো ধোঁয়ার জেরে শ্বাসকষ্টে ভুগছিলেন যে রোগী তাঁকে অনত্র্য সরিয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় টার। শিয়ালদহ ইএসআই-তে চিকিৎসাধীন এক ক্যানসার রোগী শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, আগুন লাগার পরে কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই রোগী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে মৃত্যু হয় তাঁর। তবে শ্বাসকষ্টের জেরে ওই রোগীর মৃত্যু হয়েছে, এমনটা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles