কলকাতা

তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার শেড, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক, চলছে উদ্ধারকাজ

জানা যাচ্ছে, ৪০ থেকে ৪৫ জন ভিতরে আটকে থাকতে পারেন

Truth of Bengal: তারাতলায় একটি নির্মীয়মাণ কারখানার শেড ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৪০ থেকে ৪৫ জন ভিতরে আটকে থাকতে পারেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল। দমকল কর্মীদের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কারও হাত-পা গুরুতরভাবে জখম হয়েছে, কারও মাথায় চোট লেগেছে। টিন ও লোহার বিম ভেঙে পড়ে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি কারখানার গোডাউন তৈরি হচ্ছিল। নির্মাণের সময় একবার শেডটি ভেঙে পড়েছিল বলে দাবি স্থানীয়দের। পরে কোনওভাবে সেটি মেরামত করে আবার ভিতরে ঢুকে কাঠামো দাঁড় করানোর কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা টিনের শেড। এক প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় বেশিরভাগ শ্রমিকই শেডের ভিতরে ছিলেন। সেখানে একটি ছোট অফিসও তৈরি করা হয়েছিল, যেখান থেকে কাজ পরিচালনা হচ্ছিল। শ্রমিকদের একাংশ কাজ করছিলেন, অনেকে বিশ্রাম নিচ্ছিলেন। গোটা গোডাউনের বড় অংশ ভেঙে পড়ায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে ক্রেন এনে লোহার বিম সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। কোথাও বিম কেটে, কোথাও টিন সরিয়ে আটকে থাকা শ্রমিকদের খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে দমকল, পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা রয়েছেন।