কলকাতা

রাষ্ট্রবাদী সরকার ফেলার চক্রান্ত! ‘ছারপোকা’দের হালকাভাবে না নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কেন মমতার করুণ পরিণতি হল? ভিএইচপির অনুষ্ঠানে বিস্ফোরক খতিয়ান তুলে ধরলেন শুভেন্দু

Truth of Bengal: “রাষ্ট্রবাদী সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশে ও রাজ্যে ঘাপটি মেরে থাকা ‘ছারপোকা’দের হালকাভাবে নেবেন না।” রবিবার আলিপুরে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-এর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়ে এইভাবেই নাম না করে বিরোধী শিবিরকে চরম হুশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে রাজ্যে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ধর্মান্তরকরণ বন্ধে অত্যন্ত কঠোর আইন আনার বড় ঘোষণা করলেন তিনি।

দেশজুড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের আন্দোলনের মাঝেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আজ বিশ্বগুরু হয়ে উঠেছে। কিন্তু দেশের অভ্যন্তরেই কিছু ‘ছারপোকা’ ঢুকে আছে যারা রাষ্ট্রবাদী সরকারকে ফেলার চক্রান্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রশাসনও এদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেবে।”

আলিপুরের এই সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরে তাঁর রাজনৈতিক পতনের কারণ ব্যাখ্যা করেন শুভেন্দু। তিনি বলেন, “হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবী, ঐতিহ্য ও সনাতন সংস্কৃতিকে ধারাবাহিকভাবে আঘাত করার ফলেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মমতার এমন করুণ পরিণতি হয়েছে।” কলকাতাকে ‘ডিভোশনাল ক্যাপিটাল’ বা ভক্তি শহর হিসেবে বর্ণনা করে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ধর্ম দেখে অত্যাচার চালানো হত।

রাজ্যে সাধু-সন্তদের নিরাপত্তার বিষয়ে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বর্তমান সরকারের আমলে কোনও সন্ত বা ধর্মীয় ব্যক্তিত্বের অপমান সহ্য করা হবে না। সম্প্রতি বাগেশ্বর বাবার বিরুদ্ধে কটূক্তির ঘটনাতেও তাঁর সরকার কড়া ব্যবস্থা নিয়েছে বলে মনে করিয়ে দেন তিনি।

বক্তব্যের শেষে চরম হুঙ্কার ছেড়ে শুভেন্দু বলেন, “যত দিন রাজ্যে বিজেপি সরকার রয়েছে, তত দিন কোনও রাষ্ট্রবিরোধী চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। আগামী ৬ মাসের মধ্যে আইন এনে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এবং অবৈধ ধর্মান্তরকরণের মতো অসামাজিক কাজ পুরোপুরি বন্ধ করা হবে।”

Related Articles