রাজভবনে গণবিবাহ, তৃতীয় বর্ষপূর্তিতে ১০০ যুগলের গণবিবাহ দেবেন রাজ্যপাল
এছাড়া বিয়েতে অভিভাবকদের অনুমতি সম্বলিত স্বাক্ষরও আবশ্যক।
Truth Of Bengal: রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস তার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলার সঙ্গে একাত্ম থাকার চেষ্টা করেছেন। চলতি মাসে রাজ্যপাল হিসেবে তিন বছরের পূর্ণতা লাভের উপলক্ষে এবার রাজভবনে আয়োজন করা হচ্ছে বিশেষ এক জনসংযোগমূলক উদ্যোগের। সূত্রের খবর, এই উপলক্ষে রাজভবনেই বসবে বিয়ের আসর।
রাজ্যপাল আনন্দ বোস নিজে দায়িত্ব নিয়ে ১০০টি পিছিয়ে পড়া, দুস্থ যুগলের গণবিবাহ সম্পন্ন করবেন। অনুষ্ঠানের জন্য দিনক্ষণও নির্ধারিত হয়েছে। আগামী ২৩ নভেম্বর রাজভালয়েই অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন, আর আগ্রহীরা ১৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনপত্রে পাত্র-পাত্রীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড নম্বর, পেশা, পরিবারের বাৎসরিক আয় ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া বিয়েতে অভিভাবকদের অনুমতি সম্বলিত স্বাক্ষরও আবশ্যক। যদি বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে থাকে, তা সম্পর্কিত নথি জমা দিতে হবে। আবেদনপত্র স্থানীয় কোনও গেজেটেড অফিসারকে দিয়ে সত্যায়িত করানো হলে তা গ্রহণযোগ্য হবে।
আবেদন করা যাবে ডাকযোগের মাধ্যমে, রাজভবনের দেওয়া বিশেষ ইমেল ঠিকানায় পাঠিয়ে অথবা সরাসরি রাজভবনে গিয়ে জমা দিয়ে। আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি হল – [email protected] এবং [email protected]।
গণবিবাহে প্রতি যুগলের জন্য রাজ্যপাল অনুষ্ঠান সংক্রান্ত ব্যয় বহন করবেন। নববিবাহিত দম্পতিকে প্রতীকী উপহারও দেওয়া হবে। প্রতিটি পরিবারের সর্বোচ্চ ১০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। সূত্রের খবর, সিভি আনন্দ বোস তার পেশাগত জীবনের তৃতীয় বর্ষপূর্তিতে জনসাধারণের জন্য কিছু বিশেষ করতে চেয়েছিলেন, আর তার অংশ হিসেবে গণবিবাহ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।






