পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে রিজিওনাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার
State government is setting up a regional driving training center to prevent road accidents
Truth Of Bengal: জয় চক্রবর্তী, কলকাতা: এবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গাড়ির চালকের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে। বেহালা ফ্লাইং ক্লাবের কাছেই আধুনিক মানের ড্রাইভিং ট্রেনিং সেন্টার তৈরি করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলেই চলতি বছরের শেষের দিকেই এই প্রশিক্ষণ কেন্দ্র শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন দফতরের এক উচ্চপর্যয়ের আধিকারিক।
সমীক্ষায় বলছে, বেশিরভাগ ক্ষেত্রে চালকের ভুলে পথ দুর্ঘটনা ঘটছে। চালকের ভুলে দুর্ঘটনা ৮০ শতাংশের বেশি বলে উঠে আসছে সমীক্ষায়। দেশের সঙ্গে এই রাজ্যেও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে মোটর ট্রেনিং স্কুল। কিন্তু সমীক্ষার বিষয়টি মাথায় রাখলে প্রশ্ন উঠছে এই মোটর ট্রেনিং স্কুল গুলি আদৌ কতটা ভাল চালক তৈরি করছে। প্রশ্ন উঠছে প্রশিক্ষণের ক্ষেত্রে আধুনিকতা বজায় রাখা হচ্ছে কি?
সমস্ত দিক বিচার করে এবার রাজ্য সরকার ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছুটা কাজ এগিয়েছে। সমস্ত ধরনের আধুনিক প্রশিক্ষণ এখানে থাকবে। পাশাপাশি উন্নত প্রযুক্তির সাহায্যে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন দফতরের শীর্ষ কর্তা। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রাজ্যে ক্ষমতা বদল হয়। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনা কমাতে শুরু হয় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করে ফলও মিলেছে।
এর পাশাপাশি যদি সঠিক প্রশিক্ষণ দিয়ে ভালো চালক তৈরি করা যায় তাহলে পথ দুর্ঘটনার হার আরও বেশি নিয়ন্ত্রিত হবে বলে মনে করছে পরিবহন দফতর। আর সেই কারণেই আধুনিক মানের ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্র্যাকটিকাল প্রশিক্ষণের পাশাপাশি থিউরিটিক্যাল বিষয়বস্তুও থাকবে। যদি কেউ এখানে থেকে উন্নত মানের ড্রাইভিং প্রশিক্ষণ নিতে চান তার জন্য হোস্টেলের সুবিধা থাকবে বলে জানিয়েছেন পরিবহন দফতরের এক কর্তা।
ইতিমধ্যেই সিলেবাস তৈরির কাজ শুরু হয়েছে। কারণ চালককে গাড়ি চালানো ছাড়াও বেশ কিছু জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা হয়। সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সিলেবাস তৈরি করা হচ্ছে বলেই পরিবহন দফতর সূত্রে খবর। সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো করার কথা ইতিমধ্যেই হয়েছে, তার মধ্যে অন্যতম জ্বালানি সাশ্রয়, ইমারজেন্সি হ্যান্ডেলিং ইত্যাদি।
অন্যদিকে প্রশাসনিক ক্ষেত্রে এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই ধরনের ড্রাইভিং ট্রেনিং সেন্টার নিয়ে কেন্দ্রের নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকা মেনেই রাজ্য সরকার এগোচ্ছে। আধুনিক এই ড্রাইভিং সেন্টারে প্রশিক্ষণ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক প্রয়োজন হবে। গাড়ি শেখানোর প্রশিক্ষণ দিতে দেশজুড়ে মডেল ড্রাইভিং সেন্টার গড়ে তোলার জন্য উৎসাহ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বেশকিছু প্রকল্পে ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানে রয়েছে রাজ্য সরকার।
বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ দেখা গেলেও কোন প্রকল্প বা কাজের বিষয়ে রাজ্য সরকার কেন্দ্র-রাজ্য সু’সম্পর্কে বিশ্বাসী। দক্ষতা ও ভাবনায় নিজের সেরা দেখাতে ভোলে না। এই ধরনের আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়া হবে তা নয়, ড্রাইভিং লাইসেন্স ও দেওয়া হবে চালকের জন্য। তবে শুধুমাত্র কলকাতা নয়, প্রতিটা জেলাতে সরকারি উদ্যোগে মোটর ড্রাইভিং সেন্টার তৈরি করার উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার।
আধুনিক প্রশিক্ষণে থাকছে-
- সঠিক এবং আধুনিক মোটর ট্রেনিং প্রশিক্ষণ
- চালকের ক্ষেত্রে ডিফেন্সিভ ড্রাইভিং
- জ্বালানি সাশ্রয়
- গাড়ির মেরামতি
- সড়কে চালকের ব্যবহার
- চাপ কমানোর উপায়






