কলকাতা

নবম-দশম শ্রেণির SSC পরীক্ষা সফল, আধিকারিকদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী

পরীক্ষা শেষে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে SSC পরীক্ষার সফলতার কথা জানিয়েছেন ব্রাত্য বসু।

Truth Of Bengal: দীর্ঘ জটিলতার পর ৭ সেপ্টেম্বর এসএসসি নবম-দশম শ্রেণির পরীক্ষা হল। পরীক্ষা শুরু হয়েছিল দুপুর ১২.০০ থেকে আর শেষ হয়েছে ১.৩০ টায়। পরীক্ষা শেষে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে SSC পরীক্ষার সফলতার কথা জানিয়েছেন ব্রাত্য বসু।

রবিবার তিনি পোস্টে লেখেন, “আজ রাজ্যের ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। নবম-দশম শ্রেণির SSC পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। পরীক্ষার্থী, আধিকারিক, স্কুলশিক্ষা দফতর-সহ সমস্ত আধিকারিককে শুভেচ্ছা জানাই। আমি আশা করি আগামী রবিবারের একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষাকে স্বচ্ছ রাখতে সমস্ত সাহায্য করবেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।”

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের নির্দেশ অনুযায়ী, নতুন করে পরীক্ষা নিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন (SSC) দু’দফায় পরীক্ষা আয়োজন করেছে।

প্রথম ধাপের পরীক্ষা ৭ সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর।

সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের নথিপত্র যাচাই করে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয়। এ বছর পরীক্ষায় অ্যাডমিট কার্ডে নকল রোধে বিশেষ বার কোড স্ক্যানারের ব্যবস্থা করা হয়। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পরীক্ষার আগেই কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, প্রশ্নপত্রের ছবি তুলে ফাঁস করার চেষ্টা করলে তা সনাক্ত করা সম্ভব হবে। কমিশন সূত্রে খবর, এদিন কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। এবার সফলতার কথা জানালেন শিক্ষা মন্ত্রী।

Related Articles