দেশ

অটোচালকের ফোন থেকেই কর্নাটকের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! নেপথ্যে কে?

এক অটোচালকের মোবাইল ফোন ব্যবহার করেই দেওয়া হয়েছিল এই হুমকি

Truth of Bengal: ফোনে খুনের হুমকি পেলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। শুধু মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিই নয়, তাঁর বাসভবন, কনভয় এবং বিধান সৌধ বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা জোরদার করে পুলিশ। শুরু হয় তদন্ত। আর সেই তদন্তে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। এক অটোচালকের মোবাইল ফোন ব্যবহার করেই দেওয়া হয়েছিল এই হুমকি। ঘটনায় ২০ বছর বয়সি এক যুবকের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, গত ৫ নভেম্বর এই হুমকি দেওয়া হয়েছিল। প্রথমে তদন্তকারীদের সন্দেহের তালিকায় আসেন মাল্লেশ্বরমের বাসিন্দা ২৬ বছর বয়সি এক অটোরিকশা চালক। জিজ্ঞাসাবাদে ওই চালক জানান, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্যালেস গ্রাউন্ডের কাছে এক যাত্রীকে নিতে গিয়েছিলেন তিনি। ‘নাম্মা যাত্রী’ অ্যাপের মাধ্যমে তাঁর কাছে একটি বুকিং এসেছিল। কার্তিক নামে এক যাত্রী আরামানে নাগারার ১৮তম ক্রস থেকে রাজরাজেশ্বরীনগরের বিএইচইএল লেআউট পর্যন্ত যাওয়ার জন্য অটো বুক করেছিলেন। চালকের বয়ান অনুযায়ী, নির্দিষ্ট পিকআপ পয়েন্টে পৌঁছে যাত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। ফোন ধরেই ওই ব্যক্তি জানান, তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরে রয়েছেন। এরপর অটোচালককে নিজের মোবাইল ফোনটি প্রবেশপথে কর্তব্যরত এক পুলিশকর্মীর হাতে দিতে বলেন তিনি। যাত্রীকে বিশ্বাস করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর কাছে ফোনটি তুলে দেন চালক।

কিন্তু এরপরই ঘটে বিপত্তি। ওই ফোন থেকেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে খুনের হুমকি দেন। পাশাপাশি তাঁর বাসভবন, কনভয় এবং বিধান সৌধে বিস্ফোরণ ঘটানোর হুমকিও দেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং হুমকির উৎস খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে অটোচালককে সন্দেহ করা হলেও তদন্তে উঠে আসে অন্য তথ্য। তাঁর মোবাইল ফোন ব্যবহার করে পরিকল্পিতভাবে এই হুমকি দেওয়া হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ঘটনায় ২০ বছরের এক যুবকের সন্ধান মিলেছে। কী উদ্দেশ্যে এই হুমকি দেওয়া হয়েছিল এবং এর পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related Articles