বদলে যেতে পারে কলকাতার একাধিক রাস্তার নাম! লেনিন সরণি থেকে স্ট্র্যান্ড রোড, তালিকায় কোন কোন রাস্তা?
শুধু রাস্তা নয়, কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নামও বদলানোর প্রস্তাব দিতে চলেছে কমিটি
Truth of Bengal: কলকাতার পরিচিত রাস্তা ধরে হাঁটতে গিয়ে আগামী দিনে হয়তো চোখে পড়তে পারে নতুন নামের ফলক! শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার গঠিত নামকরণ কমিটি। আলোচনায় উঠে এসেছে লেনিন সরণি, বিশ্ব বাংলা সরণি এবং স্ট্র্যান্ড রোডের মতো পরিচিত রাস্তার নাম। শুধু রাস্তা নয়, কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নামও বদলানোর প্রস্তাব দিতে চলেছে কমিটি। অর্থাৎ, রাজ্য সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে কলকাতার পরিচিত মানচিত্রে আসতে পারে একাধিক পরিবর্তন।
উল্লেখ্য, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তার নতুন নামকরণ এবং পুরনো নাম পরিবর্তনের উদ্দেশ্যে প্রায় দু’মাস আগে কমিটি গঠন করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বে শুক্রবার কলকাতা পুরসভায় বৈঠকে বসেন কমিটির সদস্যরা। সেখানেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার একাধিক রাস্তার নাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুরনো নামের বদলে কী রাখা যেতে পারে, তা নিয়ে জমা পড়েছে বেশ কয়েকটি প্রস্তাব। তার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে তিনটি রাস্তা। বিশ্ব বাংলা সরণির নাম বদলে বিজ্ঞানী সত্যেন বোসের নামে ‘সত্যেন বোস সরণি’ করার প্রস্তাব জমা পড়েছে। অন্যদিকে, ঐতিহাসিক রাজা শশাঙ্কের নামে স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তন করে ‘সম্রাট শশাঙ্ক সরণি’ করার বিষয়েও আলোচনা অনেকটা এগিয়েছে বলে খবর। লেনিন সরণির নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে কমিটির অন্যতম সদস্য তথাগত রায় বলেন, লেনিনের তৈরি রাষ্ট্রেরই যখন আর অস্তিত্ব নেই, তখন তাঁর নামে রাস্তা রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। একই সঙ্গে হো চি মিন সরণির নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বৈঠক শেষে কমিটির প্রধান কার্তিক মহারাজ জানান, আরও ২৪টি রাস্তার নাম পরিবর্তন বা নতুন নামকরণের প্রস্তাব তাঁদের কাছে এসেছে। সবকটি প্রস্তাব খতিয়ে দেখে সদস্যদের আলোচনার মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, কলকাতার বাইরেও রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তার নাম বদলের সম্ভাবনা রয়েছে। এদিকে, কমিটির নজর পড়েছে কলকাতা মেট্রোর স্টেশনগুলির নামের উপরেও। কয়েকটি স্টেশনের নাম নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করছে নামকরণ কমিটি। সেই সমস্যা দূর করতে সংশ্লিষ্ট এলাকার পরিচিত নাম অনুসারে স্টেশনগুলির নামকরণের পক্ষে তারা। এ বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর পরিকল্পনাও রয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, স্টেশনের নাম নির্ধারণের ক্ষেত্রে তাদের সরাসরি কোনও ভূমিকা নেই। রাজ্য সরকারের তরফে নামের প্রস্তাব পাঠানো হলে রেল বোর্ডের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ণচন্দ্র দাস জানিয়েছেন, এ বিষয়ে এখনও তাঁদের কাছে কোনও খবর পৌঁছয়নি।






