নিরাপত্তা বলয়ে বড় থাবা! অভিষেকের বাড়ি থেকে এবার সরিয়ে নেওয়া হলো অত্যাধুনিক স্ক্যানার
শান্তিনিকেতন' থেকে সরিয়ে নেওয়া হল পুলিশের অত্যাধুনিক স্ক্যানার
Truth of Bengal: কালীঘাটের পর এবার হরিশ মুখার্জি স্ট্রিট—তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা বলয় ভাঙার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বুধবার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতন’ থেকে সরিয়ে নেওয়া হলো পুলিশের অত্যাধুনিক স্ক্যানার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম। মূলত বিমানবন্দর বা বড় কোনো প্রতিষ্ঠানে যে মানের স্ক্যানার ব্যবহার করা হয়, বুধবার দড়ি দিয়ে বেঁধে অতি সন্তর্পণে সেই যন্ত্রটি অভিষেকের বাড়ি থেকে নিচে নামাতে দেখা যায়।
মঙ্গলবার রাত পর্যন্ত ১৮৮এ, হরিশ মুখার্জি স্ট্রিটের ছবিটা ছিল অন্যরকম। বাড়ির সামনে কড়া পুলিশি পাহারা, গার্ডরেল এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় ছিল। কিন্তু বুধবার দুপুরের মধ্যেই সেই চেনা দৃশ্য আমূল বদলে যায়। বাড়ির সামনের পুলিশ বুথটি এখন জনশূন্য। মোতায়েন থাকা পুলিশকর্মীদের বড় অংশকেই সরিয়ে নেওয়া হয়েছে। যদিও একটি কুইক রেসপন্স টিমের গাড়ি এবং স্থানীয় থানার এক পুলিশকর্মীকে রুটিন নজরদারি চালাতে দেখা গিয়েছে, তবে সেই দাপুটে নিরাপত্তা বলয় এখন অতীত।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শান্তিনিকেতনের সামনে থাকা পুলিশ বুথ সংলগ্ন বাতিস্তম্ভে এখন শোভা পাচ্ছে বিজেপির পতাকা। আগে যেখানে সারিবদ্ধভাবে চেয়ার পাতা থাকত এবং সাধারণের প্রবেশে কড়াকড়ি ছিল, সেই সব কিছুই এখন ফাঁকা। লালবাজারের পক্ষ থেকে আসা নির্দেশিকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কার্যালয় থেকে পাকাপাকিভাবে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের কাজ সম্পূর্ণ হলো। এর আগে মঙ্গলবারই কালীঘাটের সিজর ব্যারিকেড এবং ক্যামাক স্ট্রিটের অফিসের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল।
এদিকে ভিআইপি নিরাপত্তা সরে যেতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় এক প্রবীণ নাগরিকের মতে, এতদিন এই ফুটপাথ দিয়ে সাধারণ মানুষের হাঁটাচলা কার্যত অসম্ভব ছিল। মাঝেমধ্যেই রাস্তার যান চলাচল বন্ধ করে দেওয়া হতো নিরাপত্তা রক্ষীদের দাপটে। এখন রাস্তা ও ফুটপাথ সাধারণের জন্য খুলে যাওয়ায় দীর্ঘদিনের অস্বস্তি দূর হলো বলেই মনে করছেন তাঁরা। প্রশাসনের এই পদক্ষেপের ফলে দীর্ঘ কয়েক বছর পর হরিশ মুখার্জি স্ট্রিটের এই অংশটি পুনরায় সাধারণ ছন্দে ফিরল।






