এবার কি বিজেপির টিকিটে ভোট ময়দানে ‘দিলীপঘরণী’? মুখ খুললেন দিলীপ ঘোষ
বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দিলীপ
Truth of Bengal: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন জল্পনা— বিজেপির টিকিটে কি প্রার্থী হতে চলেছেন দিলীপঘরণী রিঙ্কু মজুমদার? সম্প্রতি তাঁর জীবনপঞ্জি জমা দেওয়ার খবর সামনে আসতেই চর্চা শুরু হয়েছে জোরদার। আর সেই প্রসঙ্গেই মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দিলীপ। স্ত্রীর সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন উঠতেই তিনি স্পষ্ট করে বলেন, দলে রিঙ্কু তাঁর থেকেও পুরনো কর্মী। “অনেক দিনের কার্যকর্তা। আমি এমএলএ, এমপি হয়েছি, কিন্তু ও আগে থেকেই দলের সঙ্গে যুক্ত। ইচ্ছা হয়েছে, আবেদন করেছে। হাজার হাজার আবেদন জমা পড়েছে, দলই ঠিক করবে কে প্রার্থী হবেন”— মন্তব্য তাঁর। জানা গিয়েছে, রিঙ্কু মজুমদার গত ৩১ জানুয়ারি বিজেপির সল্টলেক দপ্তরে গিয়ে নিজের জীবনপঞ্জি জমা দেন। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, তিনি তিনটি আসন— মেদিনীপুর শহর, বীজপুর ও নিউটাউন— থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
নিজের দাবিতে রিঙ্কু জানান, ‘মিসেস ঘোষ’ পরিচয় তাঁর নতুন হলেও রাজনৈতিক পরিসরে তিনি দীর্ঘদিন সক্রিয়। ২০১৩ সাল থেকে নিউটাউনে বসবাস করছেন এবং সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে বিয়ে ও ছেলের মৃত্যু— একাধিক কঠিন অধ্যায় পেরিয়েও মানুষের জন্য কাজ করার ইচ্ছা তাঁর অটুট ছিল বলেই দাবি করেন তিনি। জীবনপঞ্জিতে তিনি একাধিকবার বিজেপির হয়ে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। তৃণমূল স্তরে সংগঠনের দায়িত্ব পালন, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রের সাংগঠনিক ভূমিকার কথাও তুলে ধরেছেন। বর্তমানে কী কাজ করছেন এবং অতীতে কী কী করেছেন— তারও বিস্তারিত বিবরণ রয়েছে সেই নথিতে।






