কলকাতা

অভিষেকের হোয়াটসঅ্যাপ ‘ফাঁসে’ কী জবাব দিলেন অভিযুক্ত মুরুগান?

কোনো আইনি লঙ্ঘন বা নতুন নির্দেশিকা জারি করা হয়নি বলেই তিনি স্পষ্ট করেছেন

Truth of Bengal: নির্বাচন কমিশনের স্পেশ্যাল অবজার্ভার সি মুরুগানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার গুরুতর অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে তিনি দাবি করেছেন যে, সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের নির্দেশ পাঠাচ্ছেন মুরুগান। এই ঘটনায় সরাসরি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো প্রশাসনিক নির্দেশ দেওয়া যাবে না। কিন্তু সি মুরুগান সেই নিয়ম ভেঙে বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে একটি গ্রুপে নির্দেশিকা পাঠিয়েছেন। শুধু তাই নয়, অভিষেক আরও চাঞ্চল্যকর দাবি করেছেন যে, জেলাভিত্তিক রোল অবজার্ভারদের লগ-ইন আইডি কলকাতা বা দিল্লির কোনো কেন্দ্রীয় জায়গা থেকে ব্যবহার করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তদন্ত হলে আইপি অ্যাড্রেস এবং টাওয়ার লোকেশনের গরমিল ধরা পড়বে বলেও তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

Image

এই অভিযোগের প্রেক্ষিতে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন স্পেশ্যাল অবজার্ভার সি মুরুগান। তিনি অভিষেকের আনা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছেন যে, ওই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটি কোনো নতুন নির্দেশ নয়। তাঁর দাবি, কমিশনের আগে থেকেই থাকা নিয়মাবলীর একটি সাধারণ ব্যাখ্যা বা ‘ক্ল্যারিফিকেশন’ মাত্র সেখানে দেওয়া হয়েছিল। কোনো আইনি লঙ্ঘন বা নতুন নির্দেশিকা জারি করা হয়নি বলেই তিনি স্পষ্ট করেছেন। তবে এই জবাবে সন্তুষ্ট নয় তৃণমূল শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির ‘জমিদারদের’ নির্দেশে কাজ করার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।

Image

Related Articles