কলকাতা

নিউ মার্কেট অগ্নিকাণ্ডে বড় পদক্ষেপ! মাঝরাতে লালবাজারের জালে হোটেলের লিজ হোল্ডার

এন্টালি থানার অন্তর্গত জোড়াসাঁকো এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে

Truth of Bengal: নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার করা হল হোটেল ‘শিখা ইন’-এর লিজ হোল্ডারকে। বুধবার গভীর রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আবু জাফর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। এন্টালি থানার অন্তর্গত জোড়াসাঁকো এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে। একই ঘটনায় হোটেলের ম্যানেজার এবং এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বুধবার ভোররাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে আগুন লাগে ‘শিখা ইন’ হোটেলে। মুহূর্তের মধ্যে আগুন ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের বিভিন্ন অংশ। সেই সময় বহু আবাসিক ঘুমিয়ে থাকায় ভিতরেই আটকে পড়েন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন, যাঁরা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দা এবং আবাসিকদের একাংশ অভিযোগ করেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। যদিও ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তদন্তকারীরা অবশ্য সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন। ঘটনার পর একাধিক কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরনিগম। ক্ষতিগ্রস্ত ‘শিখা ইন’ হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের ১৬টি বরোয় থাকা বাণিজ্যিক ভবনগুলির অগ্নিসুরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। অগ্নিকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। তদন্তে পুরসভার লাইসেন্স বিভাগকে যুক্ত করা হয়েছে। এছাড়া কেএমডিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, দমকল এবং সিইএসসি-র প্রতিনিধিরাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

আগামী ২৫ অগস্ট থেকে কলকাতার ১৬টি বরোর অধীন সমস্ত বাণিজ্যিক ভবনের ফায়ার সেফটি ব্যবস্থা এবং লাইসেন্সের মেয়াদ পরীক্ষা করা হবে। মার্কেট, হোটেল এবং অন্যান্য জনবহুল বাণিজ্যিক ভবনের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখবে সংশ্লিষ্ট দল। পরিদর্শন শেষ করে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নিউ মার্কেট অগ্নিকাণ্ডের পর শহরের অগ্নিসুরক্ষা পরিস্থিতি নিয়ে অবিলম্বে রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়ালও।ফলে ৯ জনের প্রাণহানির এই ঘটনার তদন্তের পাশাপাশি এখন শহরের হোটেল ও বাণিজ্যিক ভবনগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।