আজ থেকেই রাজ্যে চালু ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’! বড় ঘোষণা শুভেন্দুর
এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু দুঃস্থ ও মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে
Truth of Bengal: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা মঞ্চ থেকে রাজ্যের পড়ুয়াদের জন্য এক বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত রাজ্য সরকারের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা করেন, আজ থেকেই রাজ্যজুড়ে নতুন করে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। এবার থেকে কোনো ধর্মীয় ভেদাভেদ নয়, বরং সম্পূর্ণ মেধা এবং পরিবারের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করেই এই বৃত্তির সুবিধা পাবে যোগ্য পড়ুয়ারা। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু দুঃস্থ ও মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার গুরুত্ব নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ডক্টর এ পি জে আবদুল কালামের জীবনাবদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জীবনের সাফল্যের চাবিকাঠি হলো শিক্ষা এবং এর কোনো বিকল্প নেই। পড়ুয়াদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে এগিয়ে যাওয়ার পথে তাদের চিন্তার কোনো কারণ নেই, রাজ্য সরকার সব সময় প্রতিটি ছাত্র-ছাত্রীর পাশে আছে। এই স্কলারশিপের সুবিধা পেতে কীভাবে আবেদন করতে হবে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, আগ্রহীদের সরাসরি শিক্ষাদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য, এই জনপ্রিয় প্রকল্পটি রাজ্যে আগেও চালু ছিল, তবে মাঝের সময়ে তা বন্ধ হয়ে যায়।
কৃতীদের এই সংবর্ধনা মঞ্চ থেকেই রাজ্যের প্রশাসনিক নীতি পরিবর্তন নিয়ে এক কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধর্মের নামে আর কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এখনও ১০ দিনও পার হয়নি, অথচ এরই মধ্যে একের পর এক নজিরবিহীন ও বড়সড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সোমবারের ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যে ধর্মের ভিত্তিতে দেওয়া সমস্ত ধরনের সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা এবার সম্পূর্ণ বন্ধ হতে চলেছে।
পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের জন্য ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প ও ভাতার ব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাস থেকেই সেই সমস্ত প্রকল্পের রূপায়ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মেধা, যোগ্যতা এবং প্রকৃত আর্থিক অনগ্রসরতাকে অগ্রাধিকার দিতেই যে এই বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নতুন রূপে ফিরিয়ে আনা হলো, তা মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য থেকে একেবারেই পরিষ্কার।


