ইমাম-পুরোহিত ভাতা থেকে ঐক্যশ্রী, ১ জুন থেকে বন্ধ মমতা জমানার এই ৫ প্রকল্প
আর মিলবে না প্রতি মাসের টাকা! জুন থেকেই বন্ধ ইমাম-মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা
Truth of Bengal: বিজেপি সরকার ক্ষমতায় আসার ১০ দিনও কাটেনি, এর মধ্যেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক এবং নীতিগত পরিকাঠামোয় এক অভূতপূর্ব সুনামি এনে দিল শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পূর্বতন তৃণমূল সরকারের চালু করা পড়ুয়া থেকে শুরু করে ধর্মগুরুদের ধর্মীয় ভিত্তিক সমস্ত ভাতা আগামী মাস অর্থাৎ ১ জুন থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। কোন কোন বড় প্রকল্প এই তালিকায় রয়েছে, চলুন দেখে নেওয়া যাক:
১. ঐক্যশ্রী স্কলারশিপ: রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি) মেধাবী পড়ুয়ারা এতদিন এই সুবিধা পেতেন। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বছরে ১ থেকে ৫ হাজার টাকা এবং একাদশ থেকে পিএইচডি স্তর পর্যন্ত ৫ থেকে ১০ হাজার টাকা দেওয়া হত। পেশাদার কোর্সে মিলত সর্বোচ্চ ৩০ হাজার টাকা। এবার সম্পূর্ণ বন্ধ হচ্ছে এই প্রকল্প।
২. ওয়েসিস স্কলারশিপ (Oasis): রাজ্যের তফশিলি জাতি (SC) ও উপজাতির (ST) মেধাবী পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পেতেন। নবান্ন সূত্রে খবর, সমতার নীতি আনতে সম্ভবত বন্ধ হতে চলেছে এই ভাতাও।
৩. ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ: পশ্চিমবঙ্গ জাকাত ফান্ডের তরফে পিছিয়ে পড়া অভাবী মুসলিম পড়ুয়াদের লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ আর্থিক সাহায্য করা হত। নতুন সরকারের নিয়মে এই প্রকল্পটিও এবার বন্ধের তালিকায়।
৪. পুরোহিত ভাতা: সনাতন ধর্মগুরুদের জন্য মাসে ২০০০ টাকা ভাতা এবং বাড়ি মেরামতির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়ার প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ক্যাবিনেট এই প্রকল্পেও স্থায়ী তালা ঝুলিয়ে দিল।
৫. ইমাম-মোয়াজ্জেম ভাতা: মুসলিম ধর্মগুরুদের জন্য পূর্বতন সরকারের চালু করা এই যোজনায় ইমাম ও মোয়াজ্জেমরা বর্তমানে মাসে ২ হাজার টাকা করে সরকারি ভাতা পেতেন। জুন মাস থেকে আর একটি টাকাও মিলবে না এই ফান্ড থেকে।
নতুন সরকারের এই অনমনীয় ও কড়া সিদ্ধান্তের ফলে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক অলিন্দে যে এক বিশাল বড় বিতর্কের ঝড় উঠতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।






