বড় স্বস্তি মহুয়া মৈত্রের! উসকানিমূলক মন্তব্য মামলায় হাইকোর্টে মিলল রক্ষাকবচ
তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে, স্পষ্ট করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
Truth of Bengal: উসকানিমূলক মন্তব্যের মামলায় কলকাতা হাই কোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে, স্পষ্ট করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মহুয়ার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলিতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ সাত বছরের মধ্যে বলে এদিন পর্যবেক্ষণ করে আদালত। সেই প্রেক্ষিতেই বিচারপতির নির্দেশ, সাংসদ তদন্তে সহযোগিতা করলে পুলিশ তাঁকে গ্রেফতার বা অন্য কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তবে তিনি সহযোগিতা না করলে রাজ্যকে বিষয়টি হাই কোর্টের নজরে আনতে হবে।
মামলায় মহুয়া মৈত্রকে ইতিমধ্যেই চারবার নোটিস পাঠানো হয়েছে বলে আদালতে জানায় রাজ্য। অভিযোগ, নোটিস গ্রহণ করলেও একবারও তদন্তকারীদের সামনে হাজির হননি তিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, আগেও তাঁকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। অন্যদিকে, মহুয়ার আইনজীবী আদালতে জানান, সংসদের অধিবেশন চলায় সাংসদ বর্তমানে ব্যস্ত রয়েছেন। আগামী ১৪ আগস্ট বিকেল ৩টায় তিনি তদন্তকারীদের সামনে হাজির হতে পারবেন বলেও জানানো হয়।
মহুয়ার আইনজীবী ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। তাঁর বক্তব্য, মহুয়া মৈত্রের উপর ডিম ছোড়ার ঘটনার পালটা অভিযোগের ভিত্তিতেই তাঁকে তলব করেছে পুলিশ। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে অনলাইনে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হোক। তবে আদালত ভার্চুয়াল হাজিরা নিয়ে কোনও স্পষ্ট নির্দেশ না দিলেও থানায় মহুয়ার উপস্থিতির সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। তাঁর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও স্পষ্ট করেছে হাই কোর্ট। ফলে আপাতত ৫ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ বজায় থাকলেও তদন্তে সহযোগিতার শর্তেই সেই সুরক্ষা বহাল থাকবে।






