প্রতি বছরের মতো এবারেও গাইড ম্যাপ প্রকাশ, ১৮টি সাইবার কিয়স্ক পুলিশের
ট্র্যাফিক সচেতনতা নিয়ে থিম সং লঞ্চ করল কলকাতা পুলিশ।
Truth Of Bengal: উৎসব ‘মোডে’ ঢুকে পড়েছে রাজ্যের মানুষ। কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে পুজো উদ্বোধনের ধুম। ইতিমধ্যে পথে নেমে পড়েছে মানুষ। পুজো দেখতে পথে নামা মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য এখন থেকেই প্রস্তুত পুলিশ। পুজোকে কেন্দ্র করে কলকাতা পুলিশ ইতিমধ্যে নিয়ে নানা ব্যবস্থা। ট্র্যাফিক সচেতনতা নিয়ে থিম সং লঞ্চ করল কলকাতা পুলিশ।
সোমবার পিটিএস অডিটোরিয়ামে সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ সং প্রকাশ করল কলকাতা ট্র্যাফিক পুলিশ। প্রতি বছরের মতো এই বছরও পুজোর গাইড ম্যাপ লঞ্চ করেছে কলকাতা পুলিশ। যেখানে কলকাতার সমস্ত পুজোর মণ্ডপের ম্যাপ রয়েছে। ডিজিটাল ম্যাপে কলকাতা ট্র্যাফিক পুলিশের ট্র্যাফিক রিভিউ থাকবে। সাইবার নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ১৮টি সাইবার কিয়স্ক তৈরি করা হয়েছে। সাইবার ক্রাইমের প্রতি মানুষকে আরও সচেতন করার জন্য লিফলেট প্রকাশ হবে। পুজো গাইড ম্যাপে কলকাতার ২৫০টি পুজো মণ্ডপের গাইড থাকে। পুজো গাইড ম্যাপ উন্মোচন করলেন নগরপাল।
কোন প্যান্ডেলে কীভাবে যাবেন, তার পরিবহণ ব্যবস্থা ম্যাপে দেওয়া হয়েছে। এখানে সব রুট দেখা যাবে কীভাবে যাবেন। বাস স্ট্যান্ড, মেট্রো পেট্রোল পাম্প, এটিএম কোথায় আছে সব পাওয়া যাবে। এছাড়া বাংলা এবং ইংরেজিতে গাইড ম্যাপ পাওয়া যাবে। এই ম্যাপে ফিডব্যাক দিতে পারবেন সাধারণ মানুষ। কোথায় কী পার্কিং ব্যবস্থা, পাবলিক টয়লেট, মেট্রো স্টেশন আছে, সবটা থাকবে। সাইবার নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাইবার সচেতনতার জন্য লিফটলেট লঞ্চ করা হয়েছে। যেখনে সাইবার নিরাপত্তাজনিত তথ্য থাকবে। পুজোর দর্শনার্থী সংগ্রহ করতে পারবে এই লিফটলেটগুলি।
এদিন অনুষ্ঠানে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘সাইবার সুরক্ষায় তৈরি হচ্ছে আলাদা কিয়স্ক। পুজোর মধ্যেও সাইবার ক্রাইমের হাত থেকে কীভাবে সুরক্ষিত থাকা যায় সেই চেষ্টা করা হচ্ছে। আশা করছি সাধারণ মানুষের সুবিধা হবে। দুর্গাপুজোর অ্যাপে পার্কিং নিয়ে বিশেষভাবে বলা আছে। দুর্গাপুজোর আগে এখনও সব অফিস খোলা আছে, সবাই মার্কেটিং করছে তাই থানা ও ডিভিশন স্তরে ট্রাফিকে যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।
দুর্গাপুজোয় শহরের রাজপথে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। শহর কলকাতার মানুষ তো আছেই, সেইসঙ্গে মণ্ডপ ও প্রতিমা দেখতে প্রতিদিন শহরতলি ও বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন। শহরের সমস্ত রাজপথ দখলে চলে যায় পুজো দর্শনার্থীদের। এই সময় শহরকে সচল রাখা কার্যত অগ্নিপরীক্ষার শামিল পুলিশের কাছে। আর সেই কাজে প্রতি বছর সসম্মানে উতরে যায় কলকাতা পুলিশ। বহু আগে থেকেই পুলিশকে নানা ব্যবস্থা নিতে হয় তার জন্য। সব কিছু যাতে সব কিছু সম্পন্ন হয়, তার জন্য একাধিক পরিকল্পনা সেরে রাখতে হয়। পুজোর কয়েকটি দিন কার্যত নাওয়া খাওয়া ভুলে অক্লান্ত পরিশ্রম করে কলকাতা পুলিশ। এবছরও আগাম সব প্রস্তুতি সেরে রেখেছে লালবাজার।






