রাজ্যের খবর

জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেফতার, চাঞ্চল্য এলাকায়

বাকড়া গ্রামের প্রায় ১২৫ টি পরিবারের প্রায় ৪০০ একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল।

Truth Of Bengal: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাকড়া গ্রামের প্রায় ১২৫ টি পরিবারের প্রায় ৪০০ একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল। অভিযোগ উঠেছে, জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তরের চেষ্টা হয়েছে। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা জেলা রেজিস্ট্রি অফিস ও ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত এবং দ্রুত তদন্তের দাবি জানান।

তদন্তে পুলিশ জানতে পারে, চিড়াকুটি গ্রামের বাসিন্দা শুকরঞ্জন মাহাত (৩৫) ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রি করেছিলেন। এর আগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর পুলিশ আরও এক জনকে গ্রেপ্তার করে। তার নাম দেবাংশু পাহাড়ি, বাড়ি ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায়। জানা গেছে, তিনি ওই জমি হস্তান্তরের টাইপ লাইটার ছিলেন এবং একাধিক রেভিনিউ ট্রানজেকশনে জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে, তদন্তের অগ্রগতিতে আরও অনেকের নাম সামনে আসতে পারে। অভিযুক্ত দেবাংশুকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles