কলকাতা পুরসভায় মহানাটক! অধিবেশন কক্ষে তালা, বাইরেই চেয়ার পেতে সভা ফিরহাদ-মালাদের!
কাউন্সিলর ক্লাবরুমই এবার অধিবেশন কক্ষ! ঘরের চাবি গায়েব হতেই পুরসভার ভেতরেই তুমুল বিক্ষোভ ঘাসফুল শিবিরের!
Truth of Bengal: কলকাতা পুরসভার সুদীর্ঘ এবং গৌরবময় ইতিহাসে অতীতে এমন লজ্জাজনক ও নজিরবিহীন ঘটনা কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না প্রবীণ পুরকর্তা ও কাউন্সিলরদের কেউই। শুক্রবার নিয়ম মেনেই কলকাতা পুরসভার সাধারণ মাসিক অধিবেশন ডাকা হয়েছিল। এজেন্ডা অনুযায়ী শহরের বিভিন্ন ওয়ার্ডের জলমগ্ন পরিস্থিতি এবং নাগরিক পরিষেবা নিয়ে আলোচনার কথা ছিল। সেই মতো দুপুর হতেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা নির্দিষ্ট সময়ে পুরভবনে এসে হাজির হন। কিন্তু অধিবেশন কক্ষের সামনে পৌঁছানো মাত্রই সবার চোখ চড়কগাছ হয়ে যায়। দেখা যায়, মূল সভাকক্ষের দরজায় মস্ত বড় তালা ঝুলছে।
পুরসভার চেয়ারপার্সন মালা রায় নিজে উপস্থিত হয়ে ঘরটি অবিলম্বে খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীদের অনুরোধ করেছিলেন। কিন্তু অভিযোগ, উপরমহলের অদ্ভূত কোনও নির্দেশের অজুহাত দিয়ে বা চাবি খুঁজে না পাওয়ার বাহানায় দীর্ঘক্ষণ তালা খোলা হয়নি। মেগা রাজনৈতিক পরিবর্তনের পর খোদ পুরসভার ভেতরে শাসক বেঞ্চের এই চরম দুরবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও।
নিজেদের হাতেই চেয়ার সরালেন কাউন্সিলররা
পরিস্থিতি বেগতিক দেখে এবং অধিবেশন বাতিল না করার জেদ নিয়ে মালা রায় অধিবেশন কক্ষের ঠিক বাইরে থাকা ‘কাউন্সিলর ক্লাব রুমে’ই তড়িঘড়ি মাসিক সভা বসানোর নির্দেশ দেন। কিন্তু ওই ঘরটি সাধারণ বসার জায়গা হওয়ায় সেখানে অধিবেশনের উপযুক্ত কোনও আসন বিন্যাস বা মাইকের ব্যবস্থা ছিল না। এরপরই দেখা যায় এক অভাবনীয় দৃশ্য! চেয়ারপার্সন ও মেয়রের উপস্থিতিতে কাউন্সিলরেরা নিজেরাই ক্ষোভের মাথায় ঘরের বড় বড় চেয়ার-টেবিলগুলিকে টেনে হিজড়ে সরিয়ে কোনও রকমে অধিবেশনের ধাঁচে গোল করে সাজানোর চেষ্টা করেন।
পরিকাঠামোহীন সেই কাউন্সিলর রুমেই বাধ্য হয়ে শুরু হয় পুরসভার অধিবেশন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কলকাতা পুরসভাকে পরোক্ষভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে এবং বিরোধী কাউন্সিলরদের কোণঠাসা করতেই এই ‘তালা চাবি’র নাচক সাজানো হয়েছিল। এই ঘটনার পর নতুন পুর-কমিশনার এবং বিজেপি চালিত রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কোমর বেঁধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব।






