কলকাতা

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন মোডে ইবি! কালোবাজারি রুখতে কোলে ও লেক মার্কেটে অভিযান

মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন মোডে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ! কোলে ও লেক মার্কেটে হানা দিয়ে চিনি-তেলের দাম খতিয়ে দেখলেন আধিকারিকরা

Truth of Bengal: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে মঙ্গলবারই প্রশাসন এবং ব্যবসায়ী মহলকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার সকাল থেকে পুরোদমে অ্যাকশন মোডে নেমে পড়ল রাজ্য পুলিশের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। এদিন সকালে শহরের অন্যতম দুই বড় বাজার, কোলে মার্কেট এবং লেক মার্কেটে আকস্মিক অভিযান চালান ইবি-র আধিকারিকরা। চিনি, সরষের তেল-সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।

সম্প্রতি সবজি-আনাজপাতি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আগুন দামে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্ত মানুষের। বাজারদর পর্যালোচনায় দেখা গিয়েছে, গত কয়েকদিনে সবচেয়ে বেশি বেড়েছে চিনি এবং সর্ষের তেলের দাম। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে মঙ্গলবার প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনগুলিকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে পুলিশ-প্রশাসনকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দেন তিনি।

বৈঠকে মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের কাছে সরাসরি প্রশ্ন তোলেন, গত এক সপ্তাহের মধ্যে কীভাবে সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৭০ টাকা থেকে একলাফে বেড়ে ২২০ টাকার গণ্ডি পেরিয়ে গেল? একই চিত্র দেখা গিয়েছে চিনির ক্ষেত্রেও। পুজোর সময় যে চিনির দাম কেজি প্রতি ৫৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল, তা ফের খুচরো বাজারে ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে কেন, ব্যবসায়ী সংগঠনগুলির কাছে তার জবাব তলব করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি সাফ হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী তিন দিনের মধ্যে জিনিসপত্রের দাম না কমলে রাজ্য সরকার অত্যন্ত কড়া অবস্থান নেবে।

মুখ্যমন্ত্রীর এই কড়া মনোভাবের পরই বুধবার সকালে শহরের বাজারগুলিতে হানা দেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। কোলে মার্কেট ও লেক মার্কেটে ঘুরে তাঁরা একদিকে যেমন সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে বর্তমান বাজারদর সম্পর্কে খোঁজখবর নেন, তেমনই খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের নথিপত্র এবং মূল্যতালিকাও খতিয়ে দেখেন। প্রশাসনের এই তৎপরতায় বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

Related Articles