কলকাতা

আজ রাত থেকেই চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু, কোন এলাকায় যান নিয়ন্ত্রণ হবে?

মূলত সপ্তাহের শেষে ট্রাফিকের চাপ কিছুটা কম থাকার সুবিধা নিতেই এই সময়সীমা বেছে নেওয়া হয়েছে

Truth of Bengal: রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে জট কেটেছে চিংড়িঘাটা মেট্রো রুটের। গত সপ্তাহে সফলভাবে প্রথম পর্বের কাজ সম্পন্ন হওয়ার পর, আজ শুক্রবার থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ। এই মেগা প্রকল্পের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাসে বিশেষ যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, আজ শুক্রবার (২২ মে, ২০২৬) রাত ১০টা থেকে এই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। আগামী সোমবার (২৫ মে, ২০২৬) ভোর ৫টা পর্যন্ত টানা এই কাজ চলবে। মূলত সপ্তাহের শেষে ট্রাফিকের চাপ কিছুটা কম থাকার সুবিধা নিতেই এই সময়সীমা বেছে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত থেকে চিংড়িঘাটা মোড় এবং সংলগ্ন ইএম বাইপাসের একটি অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট এড়াতে এবং মেট্রোর কাজ নির্বিঘ্নে চালাতে বাইপাসের নির্দিষ্ট কিছু লেনে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বা গতি সীমিত করা রাখা হবে। এই রুটের যাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হচ্ছে।

বাম বা তৃণমূল জমানার দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে রাজ্যে নতুন সরকার আসার পরেই এই থমকে থাকা প্রকল্পের কাজে গতি আসে। এর আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সমস্যার অজুহাতে দীর্ঘদিন রাজ্যের তরফে এই কাজ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে সমস্ত বাধা কাটিয়ে গত ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। সেই দফায় ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারের মাঝে গার্ডার বসানো হয়েছিল। আর আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফায় ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ সম্পন্ন করা হবে।