কলকাতা

Kasba Gangrape: আদালতে জমা তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি, পুলিশের তদন্তে সন্তুষ্ট পরিবার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণ মামলার তদন্ত রিপোর্ট জমা পরল কলকাতা হাই কোর্টে (Kasba Gangrape)। শুধু তাই নয়, এদিন নির্দেশ অনুযায়ী পুলিশের তরফ থেকে ঘটনার কেস ডায়েরিও জমা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রিপোর্টটি একটি মুখবন্ধ খামে পেশ করা হয়েছে। কিন্তু তাতে কি বলা হয়েছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন: Lords Test: লর্ডসের ক্রিকেট ইতিহাসের পাঁচ কাহন]

তবে এদিন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে এই তদন্ত রিপোর্ট একমাত্র নির্যাতিতার পরিবারের আইনজীবীকে ছাড়া আর কাউকে দেওয়া হবে না। আদালতে এদিন ফের নির্যাতিতার পরিবার জানায় যে যেভাবে পুলিশ ও বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনাটির তদন্ত চালাচ্ছে, তাতে তারা সন্তুষ্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ২১শে অগস্ট (Kasba Gangrape)।

প্রসঙ্গত, গত ২৫শে জুন দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনাটি ঘটে। পদের টোপ দেখিয়ে নির্যাতিতাকে ডেকে পাঠানো হয় এবং তাঁর উপর চলে নির্যাতন। মূল অভিযুক্ত মনোজিত মিশ্র ও তাঁর বাহিনীকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে পুলিশ। রাজ্য সরকারের তরফ থেকেও যাবতীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয় নির্যাতিতা ও তাঁর পরিবারকে। এছাড়া পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে।

[আরও পড়ুন: Tourism Appeal: জম্মু ও কাশ্মীর পর্যটনের জন্য প্রস্তুত, পশ্চিমবঙ্গের মানুষকে আমন্ত্রণ ওমর আবদুল্লার]

মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত। একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় ঘটনাকে কেন্দ্র করে। গত শুনানিতে তদন্তের রিপোর্ট ও কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে। সেই অনুযায়ী বৃহস্পতিবারের শুনানিতে যাবতীয় সবকিছু জমা দেওয়া হয়। এবার দেখার বিষয় যে পরবর্তী শুনানির আগে আরো কি তথ্য হাতে লাগে পুলিশের। কোন পথে এগোচ্ছে এই মামলা? আরো কি কেউ যুক্ত আছে এই ঘটনার সঙ্গে? সব প্রশ্নের উত্তর দেবে সময় (Kasba Gangrape)।

Related Articles