অবশেষে স্বস্তি! ১০ দিন পর সব মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন গর্গ চট্টোপাধ্যায়
তাঁর কারাগার থেকে বেরোনোর ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না
Truth of Bengal: অবশেষে দীর্ঘ দশ দিন পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে কটি মামলা রুজু করা হয়েছিল, তার সবকটিতেই জামিন মেলায় তাঁর কারাগার থেকে বেরোনোর ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না। এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বাংলা পক্ষের সদস্য এবং সমর্থকদের মধ্যে।
গত লোকসভা নির্বাচনের সময় ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছিল গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্বাচন চলাকালীন এই ধরণের বিভ্রান্তিকর পোস্ট করার জেরে উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক বা ডিইও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ গর্গকে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার নোটিস পাঠিয়ে তলব করে। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি লালবাজারে হাজিরা না দেওয়ায়, গত ১২ মে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সেই রাতে তাঁকে লালবাজারের লক-আপেই কাটাতে হয়। পরের দিন অর্থাৎ ১৩ মে তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন, যার ফলে গত কয়েকদিন ধরে তাঁকে জেলেই বন্দি থাকতে হয়েছিল। শুক্রবার কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে বিচারক শেষ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, দুই হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে গর্গ চট্টোপাধ্যায়কে এই শর্তাধীন জামিন দেওয়া হয়েছে। তবে জামিন পেলেও তাঁকে কিছু নিয়ম মেনে চলতে হবে। শর্ত অনুযায়ী, প্রতি সপ্তাহে অন্তত একবার মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে তাঁকে এবং পুলিশি তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। এর আগে ময়দান থানায় তাঁর বিরুদ্ধে হওয়া একটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। এবার সাইবার থানার মামলাটিতেও স্বস্তি মেলায় সম্পূর্ণভাবে জেলমুক্ত হতে চলেছেন বাংলা পক্ষের এই শীর্ষ নেতা।



