ফিরল ময়দানের এলিয়ট পার্কের পুরনো রূপ! টিনের বেড়া সরিয়ে নাম না করে মমতাকে খোঁচা শুভেন্দুর
"মাননীয়া হাঁটবেন বলে ঢেকে রাখা হয়েছিল!", এলিয়ট পার্ক খুলে নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর!
Truth of Bengal: অবশেষে খুলে গেল দৃষ্টিনন্দন ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য। বহু বছর ধরে উচু টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল পুরো পার্ক চত্বর। ফলে চৌরঙ্গী রোডের দিক থেকে যাতায়াতকারী সাধারণ মানুষের পক্ষে পার্কের ভেতরের মনোরম সবুজ দৃশ্য উপভোগ করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তবে রাজ্য রাজনীতিতে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ উদ্যোগে সেই টিনের সব বেড়া সরিয়ে ফেলেছে কলকাতা পুরসভা।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এলিয়ট পার্কের আগে ও পরের ছবি পোস্ট করে পুরসভাকে বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাননীয়া’ সম্বোধন করে রাজনৈতিক খোঁচা দেন তিনি।
“মাননীয়ার হাঁটার জন্যই আড়াল করে রাখা হত”
সোশাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিগত সরকারের আমলে শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটার সুবিধার জন্যই সাধারণ মানুষের চোখ থেকে পার্কটিকে আড়াল করে রাখা হয়েছিল। শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে লেখেন, “ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়ে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল। কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে।”
তিনি আরও যোগ করেন, পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের মনমুগ্ধকর পরিবেশ আজ থেকে আবার সাধারণ মানুষের দেখার ও উপভোগ করার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।
কলকাতা পুরসভাকে ধন্যবাদ
পার্ক চত্বর সাফাই ও বেড়া সরিয়ে ফেলে সৌন্দর্য ফিরিয়ে আনার কাজের জন্য কলকাতা পুরসভাকে প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “টিনের সেই বেড়া সরিয়ে এলিয়ট পার্কের সৌন্দর্যের মনোরম দৃশ্য আবার জনসাধারণের উপভোগের জন্য ফিরিয়ে দেওয়ায় কলকাতা পুরসভাকে আন্তরিক ধন্যবাদ। জনগণের সম্পদ, জনগণের জন্যই উন্মুক্ত থাকুক।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পার্কের বাইরের উঁচু ঘেরাটোপ সরিয়ে ফেলা হলেও ভেতরে সৌন্দর্যায়ন ও সবুজায়নের কাজ আগের মতোই বজায় থাকবে, যাতে সাধারণ পথচারী ও প্রাতঃভ্রমণকারীরা পার্কের শোভা উপবোগ করতে পারেন।






