কার্নিভ্যালের রাতে কলকাতায় বাড়তি মেট্রো, দেখুন সময়সূচি
কলকাতার প্রায় একশো বিখ্যাত পুজো কমিটি প্রতিমা সহ রেড রোডের কার্নিভ্যালে অংশ নেবে, তারপর বাবুঘাটে হবে বিসর্জন।
Truth Of Bengal: এ বছরের মতো দুর্গাপুজো শেষ হলেও উৎসবের মরসুম এখনও জারি রয়েছে। মা দুর্গার নিরঞ্জন পর্ব এখনও চলছে। রেড রোডে পুজো কার্নিভ্যালের মধ্যে দিয়ে তার সমাপ্তি ঘটবে। কলকাতার প্রায় একশো বিখ্যাত পুজো কমিটি প্রতিমা সহ রেড রোডের কার্নিভ্যালে অংশ নেবে, তারপর বাবুঘাটে হবে বিসর্জন।
২০১৬ সাল থেকে পুজো কার্নিভ্যাল কলকাতার বড় উৎসবের মধ্যেই গণ্য হয়। বিভিন্ন রাজ্যের অতিথিরা যেমন থাকেন, তেমনই এই উৎসবে যোগ দিতে আসেন বিদেশি অতিথিরাও। হাজার হাজার সাধারণ দর্শনার্থী চোখের সামনে দুর্গা প্রতিমা চাক্ষুষ করতে উপস্থিত হন। বাড়তি ভিড়ের স্রোত এদিন থাকে রেড রোডমুখী। সেই ভিড় সামলাতে এবার কার্নিভ্যালের রাতে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে আজ বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৫ অক্টোবর অর্থাৎ আজ, রবিবার পুজো কার্নিভ্যালের দিন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চালানো হবে যাত্রীদের সুবিধার জন্য। প্রতিদিনের সময়মতো রাতের শেষ মেট্রোর পরও আপ ও ডাউনে মোট ৬টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। ২০ মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে। তার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন রুটে কখন মেট্রো পাওয়া যাবে –
ব্লু লাইন
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
রাত ১০.০৩, রাত ১০.২৩ ও রাত ১০.৪৩-এ তিনটি মেট্রো ছাড়বে।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
রাত ৯.৫৩, রাত ১০.১৩, রাত ১০.৩৩-এ তিনটি মেট্রো ছাড়বে।
গ্রিন লাইন
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।






