CBI Criticized: কাঁকুড়গাছি হত্যা মামলায় সিবিআইকে কটাক্ষ কোর্টের, তৃণমূল বিধায়ক সহ ১৮ জনকে হাজিরার নির্দেশ
চার্জশিট জমা দিতে চার বছর সময় লাগল কেন, তা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানায়, “এটা কি রসিকতা চলছে?”
Truth of Bengal: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যাকাণ্ড ঘিরে ফের তোলপাড় শুরু হল। সম্প্রতি এই মামলায় সিবিআই যে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে, তা নিয়ে কড়া ভাষায় ভর্ৎসনা করলেন বিচারক। চার্জশিট জমা দিতে চার বছর সময় লাগল কেন, তা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানায়, “এটা কি রসিকতা চলছে?” গত শুক্রবার কলকাতার বিচার ভবনে এই মামলার শুনানিতে বিচারক বলেন, চার বছর পর যখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে তথ্যপ্রমাণ তো দু’বছর আগেই সংগ্রহ করা হয়েছে। “তদন্তের অধিকার দেওয়া হয়েছে বলেই তা খামখেয়ালির পর্যায়ে যেতে পারে না,”— মন্তব্য বিচারকের (CBI Criticized)।
আরও পড়ুনঃ Asutosh College: চাকরির জন্য আর অপেক্ষা নয়! আশুতোষ কলেজে চালু ২৫টি স্কিল ডেভেলপমেন্ট কোর্স
সিবিআই সূত্রে খবর, অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে ১৮ জনের। তাঁদের মধ্যে রয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। আদালত ওই ১৮ জনের বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মূল চার্জশিটে যাঁদের নাম রয়েছে, এমন আরও ২০ জনকেও সমন পাঠাতে বলা হয়েছে।শুনানির শুরুতেই বিচারক জানতে চান, অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ করা হয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়, তাঁদের বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট জারি করা সম্ভব। এরপর বিচারক প্রশ্ন তোলেন— ১৮ জন অভিযুক্তের কাউকে কি গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল? সিবিআইয়ের তদন্তকারী অফিসারের উত্তর, “না, তা হয়নি (CBI Criticized)।”
এরপর বিচারক ফের প্রশ্ন করেন, অভিযুক্তদের গ্রেফতার করা দরকার ছিল কি না? তদন্তকারীর বক্তব্য, “না, তাঁরা সহযোগিতা করছিলেন।” অভিযুক্তেরা পালাতে পারেন কি না— এই প্রশ্নের জবাবে সিবিআই জানায়, তাদের সেই আশঙ্কা হয়নি। এর ভিত্তিতে আদালত গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই বলেই জানায়। আদালতের তরফে অভিযুক্তদের চার্জশিটের কপি পাঠানোর নির্দেশ দেওয়া হলে সিবিআই জানায়, তা পাঠাতে মাসখানেক সময় লাগবে। এই জবাবে ক্ষোভ প্রকাশ করেন বিচারক। বলেন, “চার বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন, আর এখন বলছেন মাসখানেক সময় লাগবে? এটা কি ‘ম্যাটার অফ জোক’ (CBI Criticized)?”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৮ জুলাই। সিবিআই সূত্রে খবর, ওই দিন অভিযুক্তদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির থাকতে বলা হবে। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে ও গলায় কেবল টিভির তার পেঁচিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, সেই ঘটনায় অভিজিতের দাদা বিশ্বজিৎ ও মা মাধবী দেবীকেও মারধর করা হয়। এই মামলায় প্রাথমিকভাবে কিছু অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, বেশ কিছু অভিযুক্ত এতদিন অধরাই ছিল। সিবিআই সম্প্রতি এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত অরুণ দে-কে গ্রেফতার করেছে। বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসার যে অভিযোগ উঠেছিল, অভিজিৎ সরকারের হত্যা সেই সময়ের অন্যতম জ্বলন্ত উদাহরণ। সেই মামলায় দীর্ঘসূত্রিতা ও তদন্তে ঢিলেমি নিয়ে সিবিআইকে তীব্র প্রশ্নের মুখে পড়তে হল এবার আদালতের সামনে (CBI Criticized)।






