কলকাতা

জল-বিদ্যুৎ-শৌচালয় বিহীন বুথ! ভোটারদের অধিকার রক্ষায় নির্বাচন কমিশনকে তলব হাই কোর্টের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বেহাল দশা কাটাতে আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

Truth Of Bengal: রাজ্যের ভোটকেন্দ্রগুলিতে ন্যূনতম পরিকাঠামোর অভাব সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। অভিযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের বহু বুথেই পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয় কিংবা প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্পের মতো আবশ্যিক পরিষেবাগুলি অমিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বেহাল দশা কাটাতে আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দায়ের করা এই মামলাটির শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন আদালত স্পষ্ট জানায় যে, ভোটকেন্দ্রের পরিকাঠামো তদারকি করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজ্যের কোন বুথে কী ধরণের খামতি রয়েছে, তা খতিয়ে দেখে কমিশনই রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। এই বিষয়ে কমিশন এখনও পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে, তা লিখিতভাবে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাকারীর পক্ষে অভিযোগ তোলা হয়েছে যে, এর আগে বুথ সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘ম্যাকিনটোশ বার্ন’ মাঝপথে কাজ ছেড়ে দেওয়ায় প্রায় ৬০ শতাংশ কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে। ফলে সাধারণ ভোটাররা, বিশেষ করে যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, তাঁরা চরম দুর্ভোগের শিকার হন। কমিশন সরাসরি কাজ না করলেও রাজ্য সরকারি সংস্থাগুলোর মাধ্যমে এই পরিকাঠামো নিশ্চিত করার দায়বদ্ধতা তাদেরই।

হাই কোর্ট আপাতত কোনো পক্ষের বিরুদ্ধেই সরাসরি কোনো মন্তব্য করেনি। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কমিশনের লিখিত রিপোর্ট পাওয়ার এক সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে। সব পক্ষের বক্তব্য পর্যালোচনার পরেই আদালত চূড়ান্ত কোনো নির্দেশ জারি করবে।

Related Articles