মমতার পথেই এবার শুভেন্দু, দলবল নিয়ে গণনাকেন্দ্রে যাবেন বিজেপি প্রার্থী
শুক্রবারই তিনি ভবানীপুরের দলীয় কর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক ডেকেছেন।
Truth of Bengal: ভবানীপুরের ভোটগণনা ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ উপস্থিতির পাল্টা হিসেবে এবার ময়দানে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবারই তিনি ভবানীপুরের দলীয় কর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক ডেকেছেন। অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকের আগে শুভেন্দু অধিকারী নিজে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র পরিদর্শনে যাবেন। বিকেল ৫টা নাগাদ তাঁর সেখানে পৌঁছোনোর কথা। এর আগে বৃহস্পতিবার রাতে ওই একই কেন্দ্রে টানা চার ঘণ্টা অবস্থান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, তিনি স্ট্রংরুম পাহারা দিচ্ছেন। তবে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস সেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীকে বাড়তি কোনও সুবিধা নিতে দেননি। এই টানাপড়েনের পর শুভেন্দুর এই সফর এবং পরবর্তী বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজেপি সূত্রে খবর, শুক্রবারের এই বৈঠকে গণনাকেন্দ্রের নিরাপত্তা এবং দলের কর্মীদের সতর্ক থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে মমতার স্ট্রংরুম পরিদর্শনের পর বিজেপি শিবিরও বাড়তি সতর্কতা অবলম্বন করছে। গণনাকেন্দ্রে দলের পক্ষ থেকে কীভাবে নজরদারি চালানো হবে এবং ভোট গণনার দিন এজেন্টদের কী ভূমিকা হবে, তা এই সাংগঠনিক বৈঠকে স্থির হতে পারে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে শুভেন্দু নির্বাচন কমিশনের দফতরেও যেতে পারেন বলে জানা গিয়েছে।
গত ২৯ এপ্রিল ভবানীপুরে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী ৪ মে ফলাফল ঘোষণা হবে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ের পর এবার খাস কলকাতায় মমতার গড়ে শুভেন্দুর লড়াই ঘিরে কৌতুহল তৈরি হয়েছে সব মহলে। বুথফেরত সমীক্ষাগুলি বিজেপির জয়ের ইঙ্গিত দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং কর্মীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর আজকের বৈঠক ও গণনাকেন্দ্র পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





