বাগুইহাটির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন
Baguihati high-rise fire, 2 fire engines at the scene

The Truth Of Bengal : আবাসনের নিচের তলায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বাগুইহাটির একটি বহুতলে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই আহত মহিলা।
সুত্রের খবর, শুক্রবার সকাল বাগুইহাটি থানার অন্তর্গত দেশবন্ধু নগরের বহুতলের আবাসনে নিচের তলার ঘরে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ঘরের ভেতরে থাকা শম্পা জানা নামে এক মহিলা পুড়ে যায়। শম্পার বয়স আনুমানিক ৬০। এরপর তাঁর চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এলে দেখে ঘরের মধ্যে আগুন লেগেছে। এরপর এলাকাবাসীরা প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু তারা আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হলে অবশেষে দমকলে খবর দেয়। কিছুক্ষনের মধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর প্রথমেই তারা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। অবশেষে দীর্ঘ ৩৫ মিনিটের প্রচেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে এলাকাবাসীরা শম্পাকে চিকিৎসার জন্য দেশবন্ধু নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরবর্তীকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। এরপর তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
এদিকে দমকলের কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। তবে ঠিক কী কারনে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ।





