কলকাতা

নিম্নচাপের বাধা কাটতেই সক্রিয় উত্তুরে হাওয়া! এক ধাক্কায় পারদ পতন কলকাতায়

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার তা উল্লেখযোগ্যভাবে নেমে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

Truth Of Bengal: দুর্দান্ত শীতের পর অনেকে ভেবেছিলেন এবার হয়তো শীত বিদায় নিতে যাচ্ছে। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে, ফের দাপটের সঙ্গে ফিরে এসেছে শীত। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার তা উল্লেখযোগ্যভাবে নেমে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ফলে পৌষের শেষ বেলায় কলকাতায় শীত আবারও স্ব-মহিমায় হাজির হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতার তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না। তবে ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন, তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই ঠান্ডার প্রভাব চলবে ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত। ফলে গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে মকর সংক্রান্তির পিঠে-পুলি উৎসব পর্যন্ত শীতের আবহাওয়ায় সব অনুষ্ঠান আরও প্রাণবন্ত হবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গের উপর কোনো প্রভাব ফেলেনি। তবে নিম্নচাপের টানে জলীয় বাষ্পপূর্ণ মেঘ দক্ষিণবঙ্গের আকাশে প্রবেশ করেছিল, যার ফলে সাময়িকভাবে হিমেল উত্তুরে হাওয়ার প্রবাহে বাধা পড়েছিল। মেঘ সরার সঙ্গে সঙ্গে উত্তুরে হাওয়া আবার সক্রিয় হয় এবং রবিবার রাত থেকেই শীতের দাপট বৃদ্ধি পেয়েছে।

কলকাতার আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারসহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে।