যাদবপুরের পর এবার উত্তপ্ত মেদিনীপুর কলেজ! এসএফআই-এবিভিপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা
কর্মসূচি চলাকালীন এবিভিপির পতাকা হাতে একদল ব্যক্তি সেখানে এসে হামলা চালায়
Truth of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত হল মেদিনীপুর কলেজ। শুক্রবার দুপুরে বাম ছাত্রসংগঠন এসএফআই এবং এবিভিপির কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি। একসময় কলেজ চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর কলেজে একটি সভার ডাক দিয়েছিল এসএফআই। বেলা ১২টা থেকে কলেজ চত্বরে জমায়েত শুরু হয়। এসএফআইয়ের অভিযোগ, কর্মসূচি চলাকালীন এবিভিপির পতাকা হাতে একদল ব্যক্তি সেখানে এসে হামলা চালায়। ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজের শিক্ষক ও কর্মীদেরও মারধর করা হয়েছে বলে দাবি তাদের।
আহতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান কলেজ কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় তাঁদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসএফআইয়ের মেদিনীপুর জেলা সম্পাদক রণিত বেরা দাবি করেছেন, যাদবপুরের ঘটনার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ সভাতেই এবিভিপি হামলা চালায়। ছাত্রছাত্রী, অধ্যাপক এবং কলেজকর্মীদের উপরেও আক্রমণ হয়েছে বলে তাঁর অভিযোগ। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। তবে এসএফআইয়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবিভিপি। সংগঠনের পাল্টা দাবি, যাদবপুরের ঘটনার প্রতিবাদে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরেই এসএফআই হামলা চালিয়েছে।
এবিভিপির রাষ্ট্রীয় কার্যকরী সদস্য (দক্ষিণবঙ্গ) অরুণাভ দত্তের দাবি, সংঘর্ষে তাঁদের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রসংগঠনগুলির একটি বৈঠক ঘিরে অশান্তি ছড়িয়েছিল। সেই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম ভাঙার অভিযোগও ওঠে। তার প্রতিবাদেই মেদিনীপুর কলেজে কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। এখন দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে কলেজের সিসিটিভি ফুটেজ এবং পুলিশের তদন্তেই স্পষ্ট হতে পারে সংঘর্ষের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছিল।




