চাকরি

কলকাতা পুর নিগমে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের আর ওবিসি চাকরিপ্রার্থীদের ২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

Truth Of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুর নিগমে (কেএমসি) অ্যাসিসট্যান্ট বা সহকারী ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৮২। সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় নিয়োগ করা হবে।

কীভাবে করবেন আবেদন? 

৮ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (www.mscwb.org) মারফত আবেদন করতে হবে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের আর ওবিসি চাকরিপ্রার্থীদের ২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য লাগবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে শূন্যপদ ৫৯। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে শূন্যপদ ১৪। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে শূন্যপদ ১০। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৪১ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের বাসিন্দা ওবিসি চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩৯ বছরের মধ্যে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের স্নাতক স্তরে কমপক্ষে ৪৫%, ওবিসি চাকরিপ্রার্থীদের কমপক্ষে ৪০% আর তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কমপক্ষে ৩৫% নম্বর পেতে হবে।

Related Articles