আন্তর্জাতিক

ভারতের ভর্তুকি সামলাতে না পেরে ভারতীয় চালের উপর কড়া শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

তাঁদের বক্তব্যেই নাকি উঠে আসে সস্তা ভারতীয় চাল আমদানির ফলে মার্কিন কৃষকদের বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

Truth Of Bengal: ভারতের কৃষিক্ষেত্রে মার্কিন অনুপ্রবেশের দীর্ঘদিনের চেষ্টায় এবার স্পষ্ট বাধা তৈরি করল কেন্দ্র সরকার। ফলে থমকে গিয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। সোজা পথে উদ্দেশ্য সিদ্ধ না হওয়ায় ঘুরপথে ভারতের উপর চাপ বাড়াতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কৃষিক্ষেত্রে লাভের হিসেব মিলছে না দেখে এবার ভারতীয় চালের বিরুদ্ধে সরাসরি ‘ভাতের লড়াই’ শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার মার্কিন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দেশের কৃষকদের সমস্যা শোনেন ট্রাম্প। তাঁদের বক্তব্যেই নাকি উঠে আসে সস্তা ভারতীয় চাল আমদানির ফলে মার্কিন কৃষকদের বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। দ্রুত প্রতিক্রিয়া দিতে গিয়ে ট্রাম্প জানান—ভারতের সস্তা চাল আমেরিকার বাজারে ডাম্পিং করা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে ভারতীয় চালের উপর “কড়া শুল্ক” চাপানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদিও শুল্কের হার সম্পর্কে কিছু স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই হুমকির পিছনে রয়েছে বড়সড় কর্পোরেট স্বার্থ। বহু দিন ধরেই ভারতের কৃষিজ বাজারে প্রবেশের চেষ্টা করছে মার্কিন কোম্পানিগুলি। কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য (MSP) এবং সরকারি ভর্তুকির কারণে কৃষকের উৎপাদন খরচ কম থাকায় আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা প্রবল। ফলে দেশীয় কৃষিকে সুরক্ষা দিতে দেওয়া ভর্তুকিই মার্কিন কর্পোরেট স্বার্থের বড় বাধা।

মার্কিন ইন্ধনে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) ভারতের উপর কৃষিভর্তুকি কমানোর জন্য চাপ তৈরি করলেও ভারত সরকার তাতে কর্ণপাত করেনি। কেন্দ্রের যুক্তি—ভর্তুকি দরিদ্র কৃষকদের জন্য অপরিহার্য, এবং উন্নত দেশগুলি নিজেরাই কৃষিতে ভারতের তুলনায় বেশি ভর্তুকি দেয়। তাই ভর্তুকি নিয়ে আমেরিকার অভিযোগ দ্বিমুখী আচরণ ছাড়া কিছুই নয়।

এই প্রেক্ষাপটে ভারতের কৃষিক্ষেত্রে মার্কিন কর্পোরেট অনুপ্রবেশ আটকে যাওয়া স্বাভাবিকই। কিন্তু সেই ব্যর্থতা সহজে মেনে নিতে নারাজ ট্রাম্প প্রশাসন। যার ফলে দীর্ঘ আলোচনা সত্ত্বেও মার্কিন-ভারত বাণিজ্য চুক্তি এখনও ঝুলে রয়েছে। এখন মার্কিন কৃষকদের ক্ষতির দোহাই তুলে সরাসরি ভারতের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে মার্কিন সরকার—এবার ‘ভাতের লড়াই’-এর মোড়কে।

Related Articles