Netanyahu: লালকেল্লা বিস্ফোরণের জেরে স্থগিত নেতানিয়াহুর ভারত সফর!
ইজরায়েলের এক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেতানিয়াহু এ বছর আর ভারত সফর করবেন না।
Truth of Bengal: লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশ-বিদেশে। এর জেরে বছরের শেষ দিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফর স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। গত এক দশকের মধ্যে দিল্লির সবচেয়ে ভয়াবহ এই হামলায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার পর পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবেই দেখছে তেল আভিভ।ইজরায়েলের এক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেতানিয়াহু এ বছর আর ভারত সফর করবেন না। আগামী বছরে তাঁর সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তৈরি করা সফরসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।
চলতি বছরই তিন দফায় ভারত সফরের পরিকল্পনা করা হয়েছিল নেতানিয়াহুর জন্য।প্রথমে সেপ্টেম্বরের ভোটকে কেন্দ্র করে ব্যস্ততা দেখিয়ে তিনি ৯ সেপ্টেম্বরের একদিনের সফর বাতিল করেছিলেন। আর এবার দিল্লি বিস্ফোরণকাণ্ডের জেরে আবারও স্থগিত রাখা হল সফর।ইজরায়েলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সফর নেতানিয়াহুর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ ছিল। গত জুলাইয়ে তাঁর প্রচার শিবির মোদী, ট্রাম্প ও পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি ব্যবহার করে প্রচার চালিয়েছিল— যা বিশ্ব নেতৃত্বের সারিতে তাঁর অবস্থানকে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল।লালকেল্লার কাছে আই-২০ গাড়িতে বিস্ফোরণ ঘটান চিকিৎসক-পরিচয়ধারী আত্মঘাতী জঙ্গি উমর মহম্মদ। তার পাশে বসে ছিলেন সহযোগী চিকিৎসক মুজাম্মিল শাকিল, যিনি বর্তমানে এনআইএ হেফাজতে।দু’জন চিকিৎসক গত দু’বছর ধরে বিস্ফোরণের পরিকল্পনা করছিলেন বলে জানা গিয়েছে। এই সময়ের মধ্যে বোমা তৈরির সরঞ্জাম, রিমোট ও বিস্ফোরক জোগাড় করা হয়। দেশের বহু শহরে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল জইশ-সংযুক্ত ‘হোয়াইট কলার’ জঙ্গিগোষ্ঠী। তদন্ত সংস্থা এনআইএ এখন বিস্ফোরণের আন্তর্জাতিক যোগ এবং জঙ্গিগোষ্ঠীর আর্থিক জাল নিয়ে গভীরভাবে অনুসন্ধান চালাচ্ছে।
২০১৭ সালে প্রধানমন্ত্রী মোদির ইজরায়েল সফর এবং ২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরে দুই দেশের কূটনীতিতে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব স্পষ্ট করে। ফলে দিল্লি বিস্ফোরণের পর নেতানিয়াহুর সফর স্থগিত হওয়াকে ভারত–ইজরায়েল সম্পর্কের কূটনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






