Madhya Pradesh: মধ্যপ্রদেশের কুবেরেশ্বর ধামে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ২ পুণ্যার্থী
মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া পুণ্যার্থীদের ভিড় ক্রমেই রূপ নেয় হুড়োহুড়িতে।
Truth of Bengal: মধ্যপ্রদেশের সেহোর জেলার কুবেরেশ্বর ধামে আবারও ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া পুণ্যার্থীদের ভিড় ক্রমেই রূপ নেয় হুড়োহুড়িতে। আর সেই কারণেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল দু’জন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হুড়োহুড়ির প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত ভিড় সামলাতে না পারায় এই দুর্ঘটনা ঘটে (Madhya Pradesh)।
আরও পড়ুনঃ Sheikh Hasina: প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিইনি: শেখ হাসিনা
এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সেইসঙ্গে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিবছর শ্রাবণ মাসে কুবেরেশ্বর মন্দিরে বিশাল সংখ্যায় পুণ্যার্থী ভিড় জমান। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। সোমবার থেকেই জমতে শুরু করে পুণ্যার্থীদের ঢল, আর মঙ্গলবার সেই ভিড় রীতিমতো বিপজ্জনক আকার নেয়। বিশেষত, পণ্ডিত প্রদীপ মিশ্রের নেতৃত্বে আয়োজিত কাঁওয়ার যাত্রাকে ঘিরেই বহু মানুষ সমবেত হয়েছিলেন মন্দির চত্বরে। বুধবার সেই যাত্রা বের হওয়ার কথা থাকলেও তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রশাসনের তরফে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে (Madhya Pradesh)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
উল্লেখ্য, এই মন্দিরেই ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ‘শিব মহাপুরাণ কথা’ ও ‘রুদ্রাক্ষ মহোৎসব’-এর সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার, আহত হয়েছিলেন শতাধিক। বারবার একই ধরনের ঘটনা প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলছে। এখন দেখার, এবার কতটা কড়া পদক্ষেপ নেয় প্রশাসন এমন দুর্ঘটনা রুখতে। অন্যদিকে কিছুদিন আগেই হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ছয় জন পুণ্যার্থীর। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের পুনরাবৃত্তি হল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)।






