মেক্সিকোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৩, আহত ৯৮
আহতদের মধ্যে ৩৬ জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত গুরুতর।
Truth Of Bengal: মেক্সিকোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যা ঘটনায় ১৩ জন যাত্রী নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। স্থানীয় সরকারি সূত্র জানায়, রবিবার ওহাকার শহরের নিজান্দা এলাকার কাছে ‘ইন্টারওশেনিক’ রেল প্রকল্পের একটি যাত্রিবাহী ট্রেন আচমকা লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে ৯ জন ক্রু সদস্যসহ মোট ২৫০ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে ৩৬ জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত গুরুতর। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।
ওহাকার গভর্নর সালোমন জারা ক্রুজও দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। স্থানীয় ও কেন্দ্রীয় উদ্ধারকারী দল একসাথে কাজ করছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ইতিমধ্যেই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।






