আন্তর্জাতিক

জরুরি অবতরণেই বিপর্যয়, মেক্সিকোয় বিমান দুর্ঘটনায় মৃত ৭

জানা গিয়েছে, সোমবার আকাপুলকো থেকে মেক্সিকো সিটির টলুকা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল ওই প্রাইভেট জেটটি।

Truth Of Bengal: মেক্সিকোয় ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে একটি প্রাইভেট জেট ভেঙে পড়ল কারখানার ছাদে, এরপরই বিমানে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেক্সিকোর সংশ্লিষ্ট সংস্থা।

জানা গিয়েছে, সোমবার আকাপুলকো থেকে মেক্সিকো সিটির টলুকা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল ওই প্রাইভেট জেটটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতি বুঝে পাইলট দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা।

আকাপুলকো থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সান মাতেও আতেনকো শিল্পাঞ্চলে বিমানটি ভেঙে পড়ে। সূত্র অনুযায়ী, জরুরি অবতরণের সময় একটি কারখানার ছাদে থাকা ধাতব কাঠামোয় প্রথমে আঘাত করে বিমানটি। তার পর সেখানেই সেটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।

মেক্সিকো পুলিশের দাবি, বিমানে মোট আট জন যাত্রী এবং দু’জন ক্রু সদস্য ছিলেন। এখনও পর্যন্ত সাত জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে যান্ত্রিক গোলযোগের প্রকৃত কারণ কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Related Articles