আন্তর্জাতিক

বালোচিস্তানে মৃত্যুমিছিল! পাক সেনার অভিযানে ৯২ জনের মৃত্যু

পাকিস্তানি সেনার সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন বালোচ বিদ্রোহীদের পাশাপাশি ১৫ জন পাক জওয়ান এবং ১৮ জন সাধারণ নাগরিক।

Truth Of Bengal: স্বাধীনতার দাবিতে উত্তাল বালোচিস্তান। রক্তক্ষয়ী সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই। বালোচ বিদ্রোহীদের দমন করতে বড়সড় অভিযান চালিয়ে অন্তত ৯২ জনকে হত্যা করেছে পাকিস্তানি সেনা। সব মিলিয়ে সাম্প্রতিক এই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২৫ জনে। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন। পাকিস্তানি সেনার সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন বালোচ বিদ্রোহীদের পাশাপাশি ১৫ জন পাক জওয়ান এবং ১৮ জন সাধারণ নাগরিক।

এই অভিযানের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাক সেনার প্রশংসায় সরব হয়ে দাবি করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। তবে আন্তর্জাতিক মহলের একাংশের মতে, সন্ত্রাসবাদে আর্থিক মদত ও অন্যান্য সহায়তার অভিযোগে পাকিস্তান দীর্ঘদিন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ধূসর তালিকায় ছিল। সেই প্রেক্ষাপটে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে।

এদিকে পাক সেনার তরফে বারবার দাবি করা হয়েছে, বালোচ বিদ্রোহীদের মদত দিচ্ছে ভারত। নয়াদিল্লি এই অভিযোগ স্পষ্টভাবে নস্যাৎ করে দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে বালোচিস্তানের জনগণ। পাক সেনার অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রতিবাদেই সেখানে গড়ে উঠেছে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)।

এই সংগঠন দমনের নামে গোটা বালোচিস্তান জুড়ে দমন-পীড়নের অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। তারই পালটা হিসেবে বিদ্রোহীদের হামলার তীব্রতাও বাড়ছে। বর্তমানে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে রয়েছে পাকিস্তান। পাশাপাশি শাহবাজ সরকারের উদ্বেগ বাড়াচ্ছে আর এক বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)। এই জটিল পরিস্থিতির সুযোগ নিয়েই বালোচ সংগঠনগুলি হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই আবহেই বৃহস্পতিবার রাত থেকে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করে পাক সেনা। একাধিক এলাকা ঘিরে ফেলে চালানো হয় তল্লাশি ও আক্রমণ, যাতে বহু বালোচ বিদ্রোহী নিহত হন। এর পালটা জবাব আসে শুক্রবার রাতে। বালোচ লিবারেশন আর্মির তরফে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি এবং গদর জেলায় পাক সেনাকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়।

পাক সেনার দাবি, বিদ্রোহীরা বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে আক্রমণ চালায়। এর জবাবে ফের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তানি সেনা। পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে বালোচিস্তানে, আর তাতে সাধারণ মানুষের প্রাণ ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

Related Articles