Zelenskyy: মোদির আমন্ত্রণে ভারত সফরে আসতে পারেন জেলেনস্কি, আলোচনা জোরদার
তাঁর মতে, জেলেনস্কির সফর দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি দুই দেশের জন্যই তাৎপর্যপূর্ণ হবে।
Truth of Bengal: ভারত সফরে আসতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি (Zelenskyy)। নয়াদিল্লিতে ইউক্রেন দূতাবাসের পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তাঁর সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্দার পলিসচুক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতে আসতে পারেন। এই সফরসূচি দু’দেশ আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। তাঁর মতে, জেলেনস্কির সফর দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি দুই দেশের জন্যই তাৎপর্যপূর্ণ হবে।
[আরও পড়ুনঃ Rinku Singh: মানসিকভাবে ভেঙে পড়ায় কিভাবে সাহায্য করেছিলেন এসআরকে? জানালেন রিঙ্কু]
ঘটনাচক্রে, এ বছরের শেষের দিকে ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটে তাঁর সফর বিশেষ গুরুত্ব বহন করছে। ঐতিহাসিকভাবে রাশিয়া ভারতের ঘনিষ্ঠ বন্ধু হলেও, ইউক্রেনের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক বরাবরই ইতিবাচক। রুশ-ইউক্রেন সামরিক সংঘাত শুরুর পর থেকে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করেছে ভারত। ফলে একই বছরে রাশিয়া ও ইউক্রেন – দুই রাষ্ট্রপ্রধানের সফর ঘিরে কূটনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির এ সফর হলে এটিই হবে তাঁর প্রথম ভারত সফর। ইতিপূর্বে জি-৭ সম্মেলন এবং রাষ্ট্রপুঞ্জের বৈঠকের মতো আন্তর্জাতিক মঞ্চে তাঁর একাধিকবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ২০২৩ সালে জাপানের হিরোশিমায়, ২০২৪ সালের জুনে ইটালিতে এবং একই বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দুই নেতা মুখোমুখি বৈঠক করেন। এছাড়া ২০২৪ সালের অগস্টে মোদির ইউক্রেন সফরে জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল।(Zelenskyy)
[লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal ]
উল্লেখ্য, বর্তমানে রুশ-ইউক্রেন যুদ্ধ অব্যাহত। চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। সম্প্রতি আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। যদিও সেই বৈঠক আংশিক ফলপ্রসূ হলেও স্থায়ী সমাধান মেলেনি। এই অচলাবস্থার মাঝেই জেলেনস্কির সম্ভাব্য ভারত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক মহল।(Zelenskyy)






