দেশ

সংসদের বাজেট অধিবেশন শুরু ২৮ জানুয়ারি, তার আগে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, ২৭ জানুয়ারি সকাল ১১টায় সংসদের কমিটি রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

Truth Of Bengal: আগামী মাসের শুরুতেই সংসদে পেশ হতে চলেছে দেশের কেন্দ্রীয় বাজেট। তার আগে সংসদের আসন্ন অধিবেশন ও আইন প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সেরে নিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্দেশ্যেই ২৭ জানুয়ারি একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার।

ঘোষিত সূচি অনুযায়ী, সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ২৮ জানুয়ারি থেকে। অধিবেশনের সূচনা উপলক্ষে সংসদীয় রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। বহুদিন পর রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। এ বার টানা নবমবারের মতো দেশের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, ২৭ জানুয়ারি সকাল ১১টায় সংসদের কমিটি রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাজেট অধিবেশন চলাকালীন সংসদের কাজকর্ম, আইন প্রণয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সরকারি সূচি অনুযায়ী, বাজেট অধিবেশন চলবে ২ এপ্রিল পর্যন্ত। অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে ১৩ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ মার্চ থেকে।

সূত্রের খবর, আসন্ন বাজেটে দেশের অর্থনৈতিক বৃদ্ধি আরও গতি দেওয়ার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা থাকতে পারে। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে গিয়ে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার দিকেই বিশেষ জোর দেবে সরকার। পাশাপাশি, ভিবি-জি-রাম-জি প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, এর মাধ্যমে বিরোধীদের সমালোচনার জবাব দিতে চাইবে কেন্দ্র।

এদিকে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে সম্ভাব্য চাপের মুখে দেশের অর্থনীতিকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়েও সরকারের দৃষ্টি থাকবে বলে মনে করা হচ্ছে।

একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য তিন দিন সময় বরাদ্দ করা হয়েছে। ২৮ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি লোকসভায় কোনও শূন্য ঘণ্টা থাকবে না। বর্তমানে লোকসভায় মোট নয়টি বিল রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫; সিকিউরিটিজ মার্কেটস কোড, ২০২৫; এবং সংবিধান (একশো উনত্রিশতম সংশোধনী) বিল, ২০২৪। এই সমস্ত বিল বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটি বা নির্বাচন সংক্রান্ত কমিটিগুলির দ্বারা পরীক্ষা করা হচ্ছে।