বড় সাফল্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার দুই জঙ্গি
বড়সড় নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।
Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরে ফের বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। রবিবার পুঞ্চ জেলার মান্ডি সেক্টরে পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় দুই সশস্ত্র জঙ্গিকে (Militant Arrest)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেল, প্রচুর গ্রেনেড-সহ বিপুল অস্ত্রভাণ্ডার। বড়সড় নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: Murder Arrest: কৃষ্ণনগরের তরুণী খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিংহের মামা]
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে মান্ডি এলাকার আজমাবাদে সন্দেহজনক গতিবিধির খবর পায় পুঞ্চ পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। বাড়ির মালিক তারিখ শেখ এবং চাম্বের গ্রামের বাসিন্দা রিয়াজ আহমেদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। জেরা চালিয়ে জলিয়া গ্রামে আরও একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার করে পুলিশ (Militant Arrest)।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত দুজন সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। পাকিস্তান থেকে আসা জঙ্গিরা এদের মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিরাপদ আশ্রয় পেত বলে সন্দেহ। বর্তমানে ধৃতদের কড়া জেরা করে জানা হচ্ছে, তাদের পাক জঙ্গি যোগ কতটা গভীর এবং সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলায় তাদের কোনও ভূমিকা রয়েছে কি না।
[আরও পড়ুন: এসআইআরের নামে ভোটারদের তথ্য চুরি! বর্ধমান থেকে গ্রেফতার এক]
পুলিশ বিশেষ করে খতিয়ে দেখছে, চলতি বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার সঙ্গে এদের কোনও যোগ রয়েছে কি না। ওই হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছিল। তদন্তে পাকিস্তানের সরাসরি যোগ মিলেছিল এবং স্থানীয় হ্যান্ডলারদের ভূমিকা স্পষ্ট হয়েছিল। এরপরই পাক জঙ্গিদের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-সহ বড়সড় অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী।বলা বাহুল্য, এখনও গোটা উপত্যকায় জঙ্গি দমনে চিরুনি তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তাবাহিনী (Militant Arrest)।






