জম্মু-কাশ্মীর সেনাছাউনিতে গুলিতে নিহত এক সেনা অফিসার, অভিযুক্ত পলাতক
জওয়ানেরা গিয়ে দেখেন, একজন জুনিয়র কমিশনড অফিসার গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন।
Truth Of Bengal: জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সেনাছাউনির ভিতরেই গুলি করে হত্যা করা হয়েছে এক সেনা অফিসারকে। প্রাথমিকভাবে জঙ্গিহানার আশঙ্কা করা হলেও পরে সেই সম্ভাবনা খারিজ করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই সেনা অফিসারকে গুলি করেছেন তাঁরই এক সতীর্থ।
ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটে। আচমকাই গুলির শব্দে সেনাছাউনিতে শোরগোল পড়ে যায়। জওয়ানেরা গিয়ে দেখেন, একজন জুনিয়র কমিশনড অফিসার গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন। দ্রুত তাঁকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা পৌঁছানোর সাথে সাথে তাঁকে মৃত ঘোষণা করেন।
সেনা সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত জওয়ান নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনিই ওই সেনা অফিসারকে গুলি করেছেন। আপাতত তাঁর খোঁজে জম্মু-কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এফআইআর রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত সেনা অফিসার রিয়াসি জেলার বাসিন্দা ছিলেন, আর অভিযুক্ত জওয়ান জম্মুর বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।






