দেশ

Malegaon blast: মালেগাঁও বিস্ফোরণে বেকসুর সাত অভিযুক্ত, এনআইএ আদালতে বেকসুর খালাস

মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা এটিএস প্রাথমিকভাবে জানায়, বিস্ফোরণের নেপথ্যে একটি হিন্দুত্ববাদী সংগঠনের হাত রয়েছে।

Truth of Bengal: ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণ (Malegaon blast) কাণ্ডে প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সহ ৭ অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করে দিল এনআইএ বিশেষ আদালত। বিচারক একে লাহোটির পর্যবেক্ষণ, কেবল সন্দেহের বশে মামলা এগনো যায় না। তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সরকার পক্ষ।

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে ভয়ংকর বিস্ফোরণে হয়। ৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন একশোর বেশি। তদন্তে উঠে আসে, মালেগাঁও শহরে মসজিদ লাগোয়া কবরস্থানে একটি মোটরবাইকে দু’টি বোমা রাখা ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে। (Malegaon blast)

[আরও পড়ুনঃ Bomb Arrest: বাড়িতে বোমা বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বাড়ির মালিক, তোলপাড় হরিহরপাড়া]

মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা এটিএস প্রাথমিকভাবে জানায়, বিস্ফোরণের নেপথ্যে একটি হিন্দুত্ববাদী সংগঠনের হাত রয়েছে। যে মোটরবাইকে বোমা রাখা ছিল সেটি প্রজ্ঞা ঠাকুরের নামে নথিভুক্ত ছিল। নির্দিষ্ট একটি ধর্মের মানুষকে নিশানা করতেই বিস্ফোরণের পরিকল্পনা করেন প্রজ্ঞা বলে অভিযোগ ওঠে। একে একে গ্রেফতার হন প্রজ্ঞা ঠাকুর সহ অন্য অভিযুক্তরা।(Malegaon blast)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ছাড়াও মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ছিলেন প্রাক্তন সেনাকর্মী লেফ্টেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত এবং স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার। যদিও পরে চার্জশিটে নাম ছিল না অসীমানন্দের।(Malegaon blast)

বিচারক একে লাহোটি বলেন, “সমাজে এটা একটা ভয়াবহ ঘটনা। কিন্তু কেবল নৈতিকতার যুক্তিতে কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না আদালত।”

প্রাথমিকভাবে গ্রেফতার হলেও পরে জামিন পেয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর এবং কর্নেল প্রসাদ। ২০১১ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলা জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র কাছে যায়। এরপর তদন্তের অভিমুখ কিছুটা বদলে যায়। একাধিক চার্জশিট ও অতিরিক্ত চার্জশিটের পর ২০১৮ সালে বিচারপ্রক্রিয়া শুরু হয়। বিচার চলার সময়ে আদালত ৩২৩ জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখে। যদিও শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবেই অভিযুক্তদের বেকসুর খালাস ঘোষণা করল এনআইএ বিশেষ আদালত। উল্লেখ্য, মালেগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় ‘হিন্দু সন্ত্রাসবাদ’ নিয়ে কথা ওঠে। যদিও এদিন বিচারক বলেন, “সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না।”