মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশে প্রতিমা নিরঞ্জনের সময় নৌকা ডুবে প্রাণহানি
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কাছে নোগোরিয়া এলাকায় প্রতিমা বিসর্জনের সময় ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা।
Truth Of Bengal: দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে। দশমীর বিসর্জন পর্বে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। প্রতিমা নিরঞ্জনে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয়েছে মোট ১৬ জনের। এর মধ্যে শুধু মধ্যপ্রদেশেই প্রাণ হারিয়েছেন ১৩ জন, যাঁদের মধ্যে ১০ জন নাবালক। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কাছে নোগোরিয়া এলাকায় প্রতিমা বিসর্জনের সময় ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্র্যাক্টরে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল চম্বল নদীর ধারে।
সেখানেই ১২ বছরের এক কিশোর ভুল করে ট্র্যাক্টর চালিয়ে ফেললে সেটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। তলিয়ে যান বহু মানুষ। স্থানীয়রা ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়, একজন এখনও নিখোঁজ। অন্যদিকে, মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার আরদলা ও জামলি গ্রামে প্রতিমা বিসর্জনে বেরোনো ট্র্যাক্টর একটি পুকুরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের, তাঁদের মধ্যে ৮ জন নাবালিকা। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।
মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। এদিকে, উত্তরপ্রদেশের আগ্রায় প্রতিমা বিসর্জনের সময় জলে ডুবে মৃত্যু হয়েছে তিন যুবকের। নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। ৯ জন একসঙ্গে জলে নেমেছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে।আনন্দের পুজো উৎসব শেষ হলো একের পর এক মর্মান্তিক দুর্ঘটনায়, শোকের ছায়া নেমে এসেছে দুই রাজ্যে।


