দেশ

কাশীতে দীপু দাসের হত্যার প্রতিবাদে সাধু-সন্তদের বিক্ষোভ

প্রায় প্রতিদিনই হিন্দুদের ওপর বিভিন্ন রকম অত্যাচারের খবর সামনে আসে।

Truth Of Bengal: বাংলাদেশে ঘটে যাওয়া নৃশংস দীপু দাস হত্যার প্রতিবাদে উত্তর প্রদেশের কাশীতে রবিবার শত শত সাধু ও সন্ন্যাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছেন। বিকেল তিনটায় রথযাত্রা মোড় থেকে শুরু হওয়া মিছিলটি দশাশ্বমেধ ঘাটে শেষ হয়। বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হচ্ছে। প্রায় প্রতিদিনই হিন্দুদের ওপর বিভিন্ন রকম অত্যাচারের খবর সামনে আসে।

সম্প্রতি দীপু দাস নামের এক যুবককে মিথ্যা অভিযোগে পিটিয়ে আহত করে জীবন্ত দগ্ধ করা হয়েছে। বক্তারা বলেন, মানব ইতিহাসে এমন নির্মম হত্যাকাণ্ড বিরল এবং অত্যন্ত নিন্দনীয়। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বালক দাসজী মহারাজ (পাতালপুরী মঠ), স্বামী প্রণবচৈতন্য পুরীজী মহারাজ (পরমার্থ সাধক সংঘ), ব্রহ্মচারী দিব্যচৈতন্য মহারাজ (জটা বাবা), স্বামী জিতেন্দ্রনন্দজী মহারাজ (অখিল ভারতীয় সন্তু সমিতি), হৃষীকেশ মহারাজ, স্বামী অনঘানন্দ পুরী মহারাজ (ভোলানন্দগিরি আশ্রম) সহ বহু মঠ ও মন্দিরের সাধু-সন্ন্যাসী ও ছাত্রছাত্রীরা। এছাড়াও, উদীয়মান কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারসহ শত শত সচেতন নাগরিকও অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি রথযাত্রা মোড় থেকে বিশ্বনাথ মন্দির-দশাশ্বমেধ ঘাট পর্যন্ত চলে। মিছিলের সঙ্গে যুক্ত অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। অনুষ্ঠান পরিচালনা করেন ভারত সেবাশ্রম সংঘের ব্রহ্মময়ানন্দজী মহারাজ। বক্তারা দাবি  করেন, হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মানবতার পক্ষে প্রার্থনা ও শ্লোগান দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। বক্তারা জানান, ধর্ম ও মানবতাকে উপেক্ষা করে এমন বর্বরতা সভ্য সমাজ কখনোই মেনে নেওয়া যায় না।