দেশ

ডিজিটাল ইন্ডিয়ার পথে বড় পদক্ষেপ, এবার BSNL-এ 4G নেটওয়ার্ক

বিএসএনএলের সিলভার জুবিলি উদ্‌যাপনের দিনেই এই নেটওয়ার্ক চালু হয়।

Truth Of Bengal: ডিজিটাল ইন্ডিয়ার পথে বড় পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ওডিশার ঝাড়সুগুড়া থেকে বিএসএনএল-এর (BSNL) 4G নেটওয়ার্ক উদ্বোধন করলেন। বিএসএনএলের সিলভার জুবিলি উদ্‌যাপনের দিনেই এই নেটওয়ার্ক চালু হয়।

সরকারি সূত্রে জানানো হয়েছে, নতুন এই পরিষেবা দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং ভবিষ্যতে 5G-তে রূপান্তরিত করা যাবে। এর মাধ্যমে প্রায় ২০ লক্ষ নতুন গ্রাহক সংযুক্ত হবেন। এছাড়া, প্রধানমন্ত্রী ৯৭,৫০০-রও বেশি 4G মোবাইল টাওয়ার চালু করেন, যার মধ্যে প্রায় ৯২,৬০০ টাওয়ার নতুন প্রযুক্তিতে তৈরি। প্রায় ৩৭,০০০ কোটি টাকার এই প্রকল্পের ফলে ২৬,৭০০-রও বেশি অ-সংযুক্ত গ্রাম, যার মধ্যে ওডিশার ২,৪৭২টি গ্রাম রয়েছে, নেটওয়ার্ক পরিষেবার আওতায় আসবে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সৌরশক্তি চালিত টাওয়ারের মাধ্যমে দেশের সবচেয়ে বড় সবুজ টেলিকম সাইট ক্লাস্টারও তৈরি হয়েছে। কর্মকর্তাদের দাবি, এতে গ্রামীণ সংযোগ ও ডিজিটাল অংশগ্রহণ বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী দশক ওডিশার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। এদিন তিনি রাজ্যে দুটি সেমিকন্ডাক্টর ইউনিট অনুমোদন এবং একটি সেমিকন্ডাক্টর পার্ক নির্মাণের কথাও ঘোষণা করেন।

Related Articles