দেশ

Crop Insurance: ফসল বীমা যোজনা, কৃষকদের জীবন সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার

সোমবার প্রথম কিস্তি হিসেবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৩,২০০ কোটি টাকা সরাসরি জমা হবে।

Truth of Bengal: নয় বছরের পথচলার পর কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (Pradhan Mantri Fasal Bima Yojana – PMFBY)। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার ঘোষণা করেছেন, সোমবার প্রথম কিস্তি হিসেবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৩,২০০ কোটি টাকা সরাসরি জমা হবে। পরবর্তীতে আরও ৮,০০০ কোটি টাকা ছাড়া হবে। মন্ত্রী এক্স-এ (X) পোস্ট করে লিখেছেন, “আজ প্রায় ৩০ লক্ষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের অ্যাকাউন্টে ৩,২০০ কোটি টাকা জমা হচ্ছে। এটি প্রথম কিস্তি মাত্র, তাই যাঁদের অ্যাকাউন্টে আজ টাকা যাবে না, তাঁদের চিন্তার কিছু নেই। শীঘ্রই আরও প্রায় ৮,০০০ কোটি টাকা দেওয়া হবে (Crop Insurance)।”

তিনি আরও জানান, কোনো বীমা সংস্থা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কৃষকের দাবি অনুযায়ী ক্ষতিপূরণের টাকা জমা না করলে, ১২% সুদের জরিমানা দিতে হবে এবং সেই অর্থ সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যাবে। চৌহান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে শুধু ফসলই নয়, কৃষকের জীবনও ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণেই প্রধানমন্ত্রী এই ফসল বীমা প্রকল্প চালু করেছিলেন, যা আজ দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এক আশীর্বাদে পরিণত হয়েছে।” কৃষক কল্যাণে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে মন্ত্রী চৌহান কৃষকদের উদ্দেশে বলেন, “কৃষক ভাই-বোনেরা, আপনাদের সেবা করাই আমার কাছে ঈশ্বরসেবা। ফসল বীমা প্রকল্প নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানান, আমরা সর্বদা আপনাদের পাশে আছি।”

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ২০১৬ সালে চালু হয়। এটি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টের বিরুদ্ধে কৃষকদের জন্য এক সমন্বিত সুরক্ষা ব্যবস্থা। খরা, বন্যা, ঘূর্ণিঝড়, শিলা বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পোকামাকড় বা রোগের আক্রমণ—যেকোনো কারণে ফসলের ক্ষতি হলে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা মেলে। এতে কৃষকের আয় স্থিতিশীল থাকে এবং নতুন কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত হয়। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি এই প্রকল্পের ৯ বছর পূর্ণ হয়েছে। কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে প্রকল্পের আওতায় অঋণগ্রহীতা কৃষকের অংশগ্রহণ বেড়ে মোট কভারেজের ৫৫%-এ পৌঁছেছে, যা প্রকল্পের জনপ্রিয়তার প্রমাণ (Crop Insurance)।

এ বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প ২০২৫-২৬ পর্যন্ত চালানোর অনুমোদন দিয়েছে। এই দুটি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৬৯,৫১৫.৭১ কোটি টাকা। মন্ত্রী চৌহান আশা প্রকাশ করেছেন, সময় মতো ক্ষতিপূরণের অর্থ প্রদান এবং নতুন ব্যবস্থাপনার ফলে এই প্রকল্প আরও বেশি কৃষকের কাছে পৌঁছাবে এবং তাঁদের জীবনে বাস্তব সুরক্ষা এনে দেবে (Crop Insurance)।

Related Articles